রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারের সঙ্গে আলোচনা করবে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যারোনেস সাইয়েদা হুসেইন ওয়ার্সি বলেছেন, মিয়ানমারে নিরাপদ বসবাসের নিশ্চয়তা পেলে রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে রাজি। রোহিঙ্গাদের সেখানে ফেরত পাঠাতে দেশটির সঙ্গে আলোচনা করা হবে।গতকাল বুধবার দুপুরে সাইয়েদা ওয়ার্সি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন। এ শিবিরে প্রায় ১৮ হাজার শরণার্থী রয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী পাহাড়ে আরও দেড় লাখের বেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গার বসতি রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা থেকে বিমানে করে কক্সবাজার আসেন। এরপর সৈকত তীরের আরআরআরসি (রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন) কার্যালয়ে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। দুপুর ১২টার দিকে সড়কপথে তিনি প্রায় ৩০ কিলোমিটার দূরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান।রোহিঙ্গা শিবিরের বেহাল দশা দেখে হতাশ ওয়ার্সি শরণার্থীদের কাছে জানতে চান, কেন তাঁরা মিয়ানমার থেকে পালিয়ে আসছেন? জবাবে রোহিঙ্গারা জানান, মিয়ানমারের সামরিক জান্তা তাঁদের দেশ ত্যাগে বাধ্য করতে নানা অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। ধনসম্পদ লুট করছে। ফলে তাঁরা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন।পরে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বলেন, ‘ব্রিটিশ সরকার সব সময় উদ্বাস্তুদের পাশে থাকবে। বিষয়টি নিয়ে আমরা মিয়ানমারের সঙ্গে কথা বলব।’পরে সাইয়েদা ওয়ার্সি রোহিঙ্গা শিবিরের বিভিন্ন সংস্থার কার্যালয়, রোহিঙ্গাদের থাকার শেডঘর, রেশন সেন্টার, দরজি প্রশিক্ষণ কেন্দ্র, হাসপাতালসহ ক্যাম্পে স্থাপিত রোহিঙ্গা শিশুদের প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন। এ সময় রোহিঙ্গারা নানা অভাব-অভিযোগের কথা তুলে ধরেন।প্রতিমন্ত্রী শরণার্থী শিবির পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. বশিরুল হক, কক্সবাজারের আরআরআরসি ফিরোজ সালাহ উদ্দিন, কুতুপালং শিবিরের দায়িত্বপ্রাপ্ত জালাল উদ্দিন প্রমুখ। দুপুরে তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।