রোহিঙ্গা বংশোদ্ভূত ব্যক্তিকে সভাপতি করা নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রোহিঙ্গা বংশোদ্ভূত ব্যক্তিকে সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ কমিটির সভাপতি করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা আওয়ামী লীগের একাংশ ও উপদেষ্টা কমিটির মুক্তিযোদ্ধারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য কেওচিং চাক বলেন, গত ২৯ জুলাই উপজেলা সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ কমিটি গঠনে সভা ডাকা হয়। এতে রোহিঙ্গা বংশোদ্ভূত নেতা শফি উল্লাহকে সভাপতি হিসেবে প্রস্তাব করা হয়। সভায় কেউ কেউ মৃদু বিরোধিতা করলেও অধিকাংশ নেতা-কর্মী তা সমর্থন করেন। এ জন্য শফি উল্লাহকে সভাপতি ও জসীম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটির করা হয়। এ ছাড়া মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ১৩ সদস্যের একটি উপদেষ্টা কমিটি করা হয়। কমিটি অনুমোদনের জন্য জেলায় পাঠানো হয়েছে। সেখান থেকে এখনো কিছু জানানো হয়নি।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর আলম বলেছেন, মা-বাবা রোহিঙ্গা হলেও শফি উল্লাহ বাংলাদেশের নাগরিক। তারপরও বিতর্ক দেখা দেওয়ায় তাঁকে সংবাদ সম্মেলন করে বিষয়টি পরিষ্কার করার জন্য বলা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খায়রুল বশর বলেন, নানা কারণে রোহিঙ্গাদের একটি অংশ নাইক্ষ্যংছড়িতে প্রভাবশালী হয়ে উঠেছে। এ জন্য কমিটিতে শফি উল্লাহকে সভাপতি করায় স্থানীয় ব্যক্তিরা ক্ষুব্ধ হলেও প্রকাশ্যে বলার সাহস পাচ্ছেন না।
মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার রাজা মিয়া এবং মুক্তিযোদ্ধা মংশৈপ্রু মারমা বলেন, ওই ব্যক্তিকে সভাপতি করে সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ কার্যক্রম বিতর্কিত করা হয়েছে। শফি উল্লাহ নিজেও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সঙ্গে (আরএসও) জড়িত সন্দেহে ২০১৪ সালের ২৩ নভেম্বর চট্টগ্রামের একটি আবাসিক হোটেল থেকে পাকিস্তানের নাগরিকসহ গ্রেপ্তার হয়েছিলেন। উপদেষ্টা কমিটিতে তাঁদের সদস্য করার ব্যাপারে তাঁরা কিছু জানেন না।
এ ব্যাপারে শফি উল্লাহ বলেন, পূর্বপুরুষেরা একসময় মিয়ানমারের আরাকানে বাস করলেও তাঁরা এখন সবাই বাংলাদেশের নাগরিক। চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হলেও তদন্তে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযোগপত্র থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়। নাইক্ষ্যংছড়ি আওয়ামী লীগের একটি অংশ ও জামায়াতে ইসলামী তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।