রোহিঙ্গা বিষয়ে আলোচনার জন্য নোটিশ দেওয়ার পরামর্শ
রোহিঙ্গা শরণার্থী সমস্যা ও সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনা না করে বিষয় দুটি নিয়ে নোটিশ দেওয়ার জন্য সংসদ সদস্যদের পরামর্শ দিয়েছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
আজ রোববার জাতীয় সংসদ অধিবেশনে এ দুটি বিষয় নিয়ে দুজন সংসদ সদস্য আলোচনা করতে চাইলে ডেপুটি স্পিকার এই পরামর্শ দেন। তিনি বলেন, বিধি অনুযায়ী এ সংক্রান্ত নোটিশ দেওয়া হলে তা বিবেচনা করা হবে।
মাগরিবের নামাজের বিরতির পর স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করতে চান। তিনি বলেন, বাংলাদেশের মানুষের বিবেক জাগ্রত। মিয়ানমারে এক শ্রেণির মানুষের নিষ্ঠুরতার তাণ্ডবে মানুষ হতবাক।
এই পর্যায়ে ডেপুটি স্পিকার তাঁকে থামিয়ে বলেন, এ বিষয়ে সংসদ সদস্য যদি নোটিশ দেন তাহলে বিধি অনুযায়ী তা গ্রহণ করা হবে। এতে ফলপ্রসূ আলোচনা হবে, রেজুলেশন হবে। না হলে শুধু শুধু আলোচনা করে সময় ক্ষেপণ হবে।
এরপর আরেক স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব উল আলম সিদ্দিকী সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আলোচনা করতে চাইলে ডেপুটি স্পিকার তাঁকেও এ বিষয়ে নোটিশ দেওয়ার পরামর্শ দেন।
এরপর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, রোহিঙ্গা সমস্যা এবং সুপ্রিম কোর্টের রায় নিয়ে তাঁরা সংসদে আলোচনা করতে চান, বক্তব্য যথাযথভাবে তুলে ধরতে চান। সেভাবে নোটিশ দেওয়া হবে। স্পিকার তা বিবেচনা করতে পারেন।
তখন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, এই সংক্রান্ত নোটিশ এলে স্পিকার সংসদ নেতার সঙ্গে আলোচনা করে এই দুটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য দুটি দিন নির্ধারণ করতে পারেন।