রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবি, দুই শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে মঙ্গলবার রাত ১০টার দিকে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় রোহিঙ্গা বোঝাই আরও একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। রাত ১১টার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

সাবরাং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক রাতে প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে একটি রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবে যায়। ওই নৌকায় ১৮ জন যাত্রী ছিল। এর মধ্য ৬-৭ জন সাঁতরে তীরে উঠতে পারলেও অনন্ত ১১ জন নিখোঁজ রয়েছে। রাতে দুই শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। নৌকায় ধারণক্ষমতার বেশি যাত্রী তোলার কারণে এ নৌকাডুবির ঘটনা বলে অভিযোগ বেঁচে ফেরা রোহিঙ্গাদের।

গত ২৯ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর রাত পর্যন্ত ২০টি নৌকা ডুবির ঘটনায় ৯৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৩টি শিশু। উখিয়া থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, নাফনদীতে মঙ্গলবার রাতে একটি নৌকাডুবির খবর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে শুনেছি।