রোহিঙ্গা যুবক গ্রেপ্তার, পুলিশের দাবি আল ইয়াক্বিনের সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা শিবির থেকে অপহরণ ও হত্যা মামলার এক আসামিকে (রোহিঙ্গা) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার দৌস মোহাম্মদ (৩৫) মিয়ানমারের জঙ্গি সংগঠন ‘হারাকা আল ইয়াক্বিন’-এর সদস্য। তাঁর বিরুদ্ধে টেকনাফ ও উখিয়া থানায় হত্যা, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

গতকাল রোববার বিকেলে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে দৌস মোহাম্মদকে গ্রেপ্তার করে পুলিশ। শিবিরের ৮৭৮ নম্বর শেডের সি ব্লকের ১ নম্বর কক্ষে মায়ের সঙ্গে থাকেন তিনি। তাঁর বাড়ি মিয়ানমারের মংডু শহরের হাসুরাতা এলাকায়।

টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান এবং উখিয়া থানার ওসি আবুল খায়ের গতকাল রাতে বলেন, দৌস মোহাম্মদ মিয়ানমারের জঙ্গি সংগঠন হারাকা আল ইয়াক্বিন সংগঠনের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে।