ফের রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে রাজি মিয়ানমার
প্রায় এক দশকের বিরতির পর রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন শুরু করতে রাজি হয়েছে মিয়ানমার। ২০১১ সালে মিয়ানমারের নাগরিকত্ব নিশ্চিত হওয়া ২ হাজার ৪১৫ জন রোহিঙ্গাকে প্রাথমিকভাবে ফিরিয়ে নেওয়া হবে। আর শরণার্থী প্রত্যাবাসন প্রক্রিয়াটি ফের শুরু হবে আগামী দুই মাসের মধ্যে।
আজ রোববার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক তাঁর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।
এ ছাড়া বান্দরবন হয়ে মিয়ানমারের পালেটোয়াসহ অন্য রুটে সড়ক যোগাযোগ চালু করার বিষয়ে বাংলাদেশের দেওয়া প্রস্তাবের ব্যাপারেও মিয়ানমার আগ্রহ দেখিয়েছে বলে জানান শহীদুল হক।
গত তিন দশকের বেশি সময় প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক নিবিড় করার ক্ষেত্রে বড় বাধা হয়ে রয়েছে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনের বিষয়টি। প্রায় এক দশক পর সুনির্দিষ্ট সময়ের মধ্যে শরণার্থী প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর ব্যাপারে মিয়ানমারের অঙ্গিকারকে বড় অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ। এক্ষেত্রে মিয়ানমারের ছাড় দেওয়ার মানসিকতা, যা গত এক দশকে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের একাধিক কূটনীতিক।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক শরণার্থী প্রত্যাবাসন পুনরায় শুরু ব্যাপারে মিয়ানমারের রাজি হওয়াকে বৈঠকের বড় অর্জন বলে মন্তব্য করেন।
বৈঠকে শরণার্থী প্রত্যাবাসন শুরুতে রাজি হওয়া ছাড়াও সড়ক যোগাযোগ চালু এবং বাণিজ্য ও পর্যটনের বিকাশের ব্যাপারেও মিয়ানমার যথেষ্ট আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের মাটিতে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠিদের অবস্থানের ব্যাপারে দেশটি অভিযোগ করে থাকে। এ প্রেক্ষাপটে আন্তঃসীমান্ত অপরাধ দমনের লক্ষ্যে নিরাপত্তা সংলাপের ব্যাপারে বাংলাদেশের দেওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মিয়ানমার।
এদিকে মিয়ানমার থেকে ইয়াবা চোরাচালানের ব্যাপারে বাংলাদেশের দেওয়া অভিযোগ দেশটি প্রত্যাখান করেছে। বৈঠকে বলা হয়েছে, বাংলাদেশের দেওয়া অভিযোগ অনুযায়ী মিয়ানমারের মংডুতে কোনো ইয়াবা কারখানা নেই। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতে মিয়ানমারের ভূ-খণ্ডে অবস্থিত ইয়াবা কারখানার ব্যাপারে মিয়ানমারের কাছে সুনির্দিষ্ট স্থান অনুযায়ী তালিকা পাঠানো হবে।
সাধারণত এ ধরণের দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই প্রতিনিধি দলের নেতা সাংবাদিকদের সামনে একসঙ্গে কিংবা আলাদা-আলাদাভাবে কথা বলেন। তবে বৈঠকের পর মিয়ানমারের উপপররাষ্ট্রমন্ত্রী থান্ট খিয় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
তিন দশকের কাঁটা: ১৯৭৮ সালে শুরু হলেও কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নেমেছিল ১৯৯১ সালে। ২০০৫ সালের আগে দুই লাখ ৩০ হাজার শরণার্থী তাঁদের দেশে ফিরে যায়। তবে কুতুপালং ও নোয়াপাড়ায় দুটি শরণার্থী শিবিরে শরণার্থীর সংখ্যা প্রায় ৩২ হাজার। ওই দুই শিবিরের বাইরে দুই থেকে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। ২০০৫ সালে এসে হঠাত্ করে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ নিয়ে অন্তত ২০০৯ সালের মাঝামাঝি পর্যন্ত কোনো আলোচনা কানে তোলেনি মিয়ানমার। ওই বছরের শেষার্ধে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে ৯ হাজার শরণার্থীকে ফিরিয়ে নিতে অনুরোধ জানানো হয়। তখন মিয়ানমার জানায়, চার বছর আগের তালিকা নয়, নতুন করে যাচাইয়ের পর রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে। বিভিন্ন পর্যায়ে যাচাইয়ের পর মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়, ২৪১৫ জনকে ফিরিয়ে নেওয়া হবে। কারণ এদের পূর্ব-পুরুষেরাতো বটেই, এসব লোকজনের স্থায়ী ঠিকানা ও আত্মীয়-স্বজনের উপস্থিতি ছাড়াও তাদের নাগরিকত্বের প্রমাণ মিলেছে। এরপর ওই ২ হাজার ৪১৫ জনের মধ্যে ১০ সদস্যের একটি পরিবারকে মিয়ানমারের পাঠানোর সব প্রস্তুুতি শেষ হয়। কথা ছিল, ২০১১ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিয়ানমার সফরের পর তাঁদের ফেরত পাঠানো হবে। সেই অনুযায়ী ২০১২ সালে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন আবার শুরু কথা ছিল। কিন্তু ওই বছরের জুনে রাখাইন রাজ্যে জাতিগত সংঘাত শুরু হলে ফের থমকে পড়ে এ প্রক্রিয়া।