রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানে সময় লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুডিথ বেথ সেফকিন।
জুডিথ বেথ সেফকিন।

মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী সমস্যার টেকসই ও শান্তিপূর্ণ সমাধানে সময় লাগবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মিয়ানমারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা জুডিথ বেথ সেফকিন। তিনি বলেন, ভাগ্যবিড়ম্বিত এসব মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে।
সফররত মার্কিন এই উপদেষ্টা গতকাল সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি আমেরিকান সেন্টারে বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে তাঁর আলোচনা নিয়ে এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনসহ মিয়ানমারের বিভিন্ন সংস্কার কার্যক্রমের বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে জুডিথ গত রোববার দুই দিনের সফরে ঢাকা আসেন। রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বেচ্ছায় দেশে ফিরতে রাজি না হলে তাদের প্রত্যাবাসনের জন্য এখন সঠিক সময় নয়। তবে রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের সমস্যা সমাধানে মিয়ানমার কর্তৃপক্ষকে নিরাপত্তা ও উন্নয়ন কর্মকাণ্ড জোরদারের পাশাপাশি তাদের দেশটির মূলধারায় আনার বিষয়টিতে অগ্রাধিকার দিতে হবে। সমস্যার স্থায়ী সমাধানের অন্যতম পদক্ষেপ হচ্ছে রোহিঙ্গাদের সে দেশের নাগরিকত্ব দেওয়া।
মার্কিন এই উপদেষ্টা জানান, মিয়ানমারের মূলধারার সঙ্গে রোহিঙ্গাদের যুক্ত করার প্রক্রিয়ায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্র গত বছর সে দেশের কর্তৃপক্ষকে ৫১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ব্যাপারে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, শরণার্থীদের নিরাপদ আশ্রয় দেওয়ার প্রক্রিয়াকে সমর্থন হচ্ছে আন্তর্জাতিক রীতির অংশ। এ সমস্যার একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এ সমস্যা সমাধানে সময় লাগবে।
জুডিথ বলেন, আঞ্চলিক প্রক্রিয়ার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে। এ ছাড়া প্রতিবেশী হিসেবে রোহিঙ্গাদের সমস্যার টেকসই সমাধানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।