রোহিঙ্গা শরণার্থীদের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণের ভয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে রোহিঙ্গারা। ছবি: প্রথম আলো
প্রাণের ভয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে রোহিঙ্গারা। ছবি: প্রথম আলো

মিয়ানমারের সেনাবাহিনী ২০১৬ সালের ৯ অক্টোবরের মতো গেল বছরও ২৫ আগস্টের পর থেকে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হত্যাযজ্ঞ, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট শুরু করে। তারা অজুহাত দেখায়, ‘সন্ত্রাসী সংগঠন’ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা তাদের তল্লাশিচৌকিতে হামলা চালিয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে তারা ‘নিরাপত্তা অভিযান’ চালিয়েছে।

কিন্তু ছয় লাখ রোহিঙ্গার ওপর নির্বিচারে হত্যা, ধর্ষণ, বাড়িঘর আগুনে পুড়িয়ে দিয়ে পাশের দেশে পালিয়ে আসতে বাধ্য করা তাদের দাবির যৌক্তিকতা প্রমাণ করে না। বরং বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ভাষ্য থেকে এটা নিশ্চিত যে রোহিঙ্গাদের রাখাইন থেকে চিরতরে তাড়িয়ে দিতেই পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়েছে। এ নিয়ে অন্তত পাঁচবার রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। জাতিসংঘ এবার বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ঢলকে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বেশিসংখ্যক শরণার্থী জড়ো হওয়ার ঘটনা বলেছে।

অন্তত চার লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নেওয়ার পরও বাংলাদেশ মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের জন্য আবার সীমান্ত খুলে দেয়। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় এই সংকটে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ছয় মাসে ছয় লাখ রোহিঙ্গার জরুরি ত্রাণ সহায়তার জন্য ৩৩৪ মিলিয়ন ডলারের সাহায্য ঘোষণা করেছে। পাশাপাশি সহিংসতা বন্ধ করে রাখাইনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে রোহিঙ্গাদের ফেরার ব্যবস্থা করা, অভিযুক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের আইনের আওতায় আনা এবং রোহিঙ্গাদের মিয়ানমারে নাগরিকত্ব দিয়ে সেখানকার সমাজে একীভূত করার আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে একাধিক বৈঠক করে বিবৃতি দিয়েছে। ভোটাভুটি হয়েছে জাতিসংঘের তৃতীয় কমিটিতে। একই বিষয়ে প্রস্তাব এসেছে ইউরোপীয় পার্লামেন্টেও। জাতিসংঘ ও ইউরোপীয় পার্লামেন্টে মিয়ানমারের বিরুদ্ধে প্রায় এক দশক পর এসব পদক্ষেপ নেওয়া হলো। এত কিছুর পরও রোহিঙ্গাদের বাংলাদেশে আসা থামেনি।

রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনের জন্য ২৩ নভেম্বর বাংলাদেশের সঙ্গে মিয়ানমার চুক্তি সই করে। ১৯ ডিসেম্বর ঢাকায় বৈঠক করে প্রত্যাবাসনের কাজটি করতে পররাষ্ট্রসচিবদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি শুধু রোহিঙ্গাদের রাখাইনে ফেরত নয়, সেখানে তাদের পুনর্বাসন ও একীভূত করার উদ্যোগ নেবে; প্রত্যাবাসনের প্রক্রিয়ায় তিনটি ধাপেই জাতিসংঘের শরণার্থী সংস্থাসহ (ইউএনএইচসিআর) জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আগ্রহী আন্তর্জাতিক পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করবে।