রোহিঙ্গা শরণার্থীদের ফেরত না পাঠানোর আহ্বান যুক্তরাজ্যের
রাষ্ট্রীয় বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত না পাঠাতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে গত মঙ্গলবার এক লিখিত প্রশ্নের জবাবে দেশটির আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী মাইকেল ওয়ালটন বেইটস এ কথা জানিয়েছেন।
হাউস অব লর্ডসের লেবার-দলীয় সদস্য গ্লেনিস এলিজাবেথ কিনক দেশটির আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রীর কাছে লিখিত প্রশ্নে জানতে চান, প্রাণে বাঁচতে মিয়ানমার থেকে হাজার হাজার রোহিঙ্গা মুসলমানের বাংলাদেশে পালিয়ে যাওয়ার যে খবর আসছে, তা নিয়ে যুক্তরাজ্য সরকারের বক্তব্য কী?
লিখিত জবাবে প্রতিমন্ত্রী ওয়ালটন বেইটস বলেন, আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের যাতে আবার বিপদের দিকে ঠেলে দেওয়া না হয়, বাংলাদেশকে সেই আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশে আনুষ্ঠানিক আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৩৪ হাজার রোহিঙ্গা শরণার্থীর জন্য যুক্তরাজ্য সবচেয়ে বেশি খাদ্য-সাহায্য দিচ্ছে জানিয়ে ব্রিটিশ এই প্রতিমন্ত্রী বলেন, অভিবাসীবিষয়ক আন্তর্জাতিক সংগঠন (আইওএম) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম) মাধ্যমে সাহায্য অব্যাহত রাখবে দেশটি। বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের জন্য যুক্তরাজ্য স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষাবিষয়ক সেবার পরিধি বৃদ্ধি করছে বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বেইটস বলেন, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য গভীরভাবে উদ্বিগ্ন। রোহিঙ্গাদের ওপর হামলা বন্ধ করতে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করতে যুক্তরাজ্য মিয়ানমার সরকারকে একাধিকবার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে রাখাইন রাজ্যে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার দ্বার উন্মুক্ত করতেও আহ্বান জানানো হয়েছে।
আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের আরেক প্রতিমন্ত্রী রোরি স্টুয়ার্ট দুই দফা সাক্ষাতে যুক্তরাজ্যের উদ্বেগের বিষয়টি মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন বলে জানান বেইটস।