রোহিঙ্গা শিবির এলাকার বিপর্যয় রোধে জাতিসংঘের সুপারিশ
মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা যেসব শিবিরে আশ্রয় নিয়েছে, সেখানে পরিবেশগত সমস্যা তীব্র হয়ে উঠেছে। এত দিন এটি সমস্যা আকারে থাকলেও তা এখন পরিবেশগত বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। বন ধ্বংস, পাহাড় কাটা, পানিদূষণ ও বায়ুদূষণের সমস্যা মিলেমিশে একাকার হয়ে গেছে। এখনই সেখানকার পরিবেশ রক্ষায় উদ্যোগ না নিলে বড় ধরনের দুর্ঘটনা যেকোনো সময় ঘটে যেতে পারে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় এসব তথ্য ও বিশ্লেষণ তুলে ধরা হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পরিচালিত ‘রোহিঙ্গা ঢলের একটি দ্রুত পরিবেশগত প্রভাব’ শীর্ষক সমীক্ষাটির ফলাফল ওই কর্মশালায় তুলে ধরা হয়। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এতে বক্তব্য দেন।
প্রতিবেদনে পরিবেশগত বিপর্যয় এড়াতে সাতটি সুপারিশ তুলে ধরা হয়। বৃক্ষনিধন রোধে জরুরি ভিত্তিতে রোহিঙ্গা শিবিরে এলএনজি, সিলিন্ডার গ্যাসসহ কাঠের অন্যান্য বিকল্প জ্বালানি সরবরাহের সুপারিশ তুলে ধরা হয়। এ ছাড়া বৃক্ষ উজাড় হওয়া বনের মধ্যে বা আশপাশের এলাকায় নতুন করে বৃক্ষ রোপণ করার প্রস্তাব করা হয়। মানুষ ও বন্য প্রাণীর দ্বন্দ্ব বন্ধে অবশিষ্ট বনভূমিগুলো রক্ষার জন্য বলা হয়। এ ছাড়া ভূমির স্বাভাবিক বৈশিষ্ট্য রক্ষা করা ও পানির উৎসগুলো দূষণমুক্ত করার সুপারিশ করেন বিশেষজ্ঞরা।
কর্মশালায় গবেষণার ফলাফল ও সুপারিশ তুলে ধরেন ইউএনডিপির পক্ষে আরিফ ফয়সাল ও পরিবেশ বিশেষজ্ঞ রিয়াজ আহম্মেদ। কর্মশালায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে আগামী কয়েক দিনের মধ্যে প্রতিবেদন ও সুপারিশগুলো চূড়ান্ত করে সরকারের নীতিনির্ধারক মহলের কাছে তুলে দেওয়া হবে বলে জানানো হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ মহসিন চৌধুরী বলেন, কক্সবাজারে যে এলাকাটিতে রোহিঙ্গা শিবির গড়ে উঠেছে, তা এমনিতেই পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকা। এ ছাড়া অনেক গুরুত্বপূর্ণ বন্য প্রাণী ও জীববৈচিত্র্যের আশ্রয়স্থল ওই এলাকার বনভূমি। রোহিঙ্গা শিবির স্থাপনের কারণে তার ওই এলাকার সামগ্রিক পরিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেখানকার পরিবেশের অবস্থা এখন কেমন ও সামনে তা রক্ষায় কী করতে হবে, তা বুঝতে এই সমীক্ষাটি করা হয়েছে।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহসিন বলেন, রোহিঙ্গা শিবির এলাকার বন উজাড় হওয়া এবং বিকল্প জ্বালানি নিয়ে আমরা শুরু থেকে চিন্তিত। নানা ধরনের বিকল্প জ্বালানি সরবরাহের পরিকল্পনা নেওয়া হলেও সিলিন্ডার গ্যাস অনেক ব্যয়বহুল, উত্তরাঞ্চল থেকে বিপুল পরিমাণ চারকল জ্বালানি পরিবহন করে নেওয়া কঠিন। ফলে শুধু সুপারিশ করলেই হবে না, ওই সুপারিশ বাস্তবায়নযোগ্য কি না, তা বিবেচনা করতে হবে। রোহিঙ্গা বসতির কারণে পরিবেশের ক্ষতিকে আর্থিকভাবে মূল্যায়ন করার সুপারিশ করে তিনি বলেন, ওই হিসাব না থাকলে আমাদের আন্তর্জাতিক পরিসরে সহায়তা চাওয়া কঠিন হয়ে যায়।