রোহিঙ্গা শিবিরগুলো বেষ্টনীর মধ্যে আনার সুপারিশ

নিরাপত্তা নিশ্চিত করার জন্য কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলো বেষ্টনীর মধ্যে আনার কাজ দ্রুত শুরু করার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
স্থায়ী কমিটি কুতুপালংসহ কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে আলাদা থানা স্থাপনের সুপারিশ করে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জানানো হয়, কক্সবাজারের কুতুপালংয়ে অবস্থিত ১৩ বর্গকিলোমিটারের আয়তনের ক্যাম্প এককভাবে পৃথিবীর বৃহত্তম শরণার্থী ক্যাম্প। এখানে ছয় লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে।
বৈঠকে জানানো হয়, মিয়ানমার থেকে বাংলাদেশে আসা ১০ লাখ ৩৮ হাজার রোহিঙ্গাকে এখন পর্যন্ত নিবন্ধন করা হয়েছে।
বৈঠক শেষে কমিটির সদস্য ফখরুল ইমাম সাংবাদিকদের বলেন, কুতুপালং ক্যাম্পসহ কক্সবাজারে অবস্থিত সব রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ‘ফেন্সিং’ কার্যক্রম দ্রুত শুরু করার সুপারিশ করেছে কমিটি। ওই এলাকায় আর্মড পুলিশ কাজ করছে। সেখানে ১০ লাখ রোহিঙ্গা আছে। তাদের সুরক্ষার বিষয়টিও দেখতে হবে। সে জন্য সেখানে পুলিশের একটি আলাদা থানা স্থাপন করার সুপারিশ করা হয়েছে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারের বনাঞ্চল যাতে হুমকির মুখে না পড়ে, সে জন্য কমিটি রোহিঙ্গাদের রান্নার জন্য দ্রুত সময়ের মধ্যে জ্বালানির ব্যবস্থা করার জন্য সুপারিশ করে।
কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ চৌধুরী, ফখরুল ইমাম ও কামরুন নাহার চৌধুরী বৈঠকে অংশ নেন।