রোহিঙ্গা শিবিরে কড়া নজরদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এসব শিবিরে নিরাপত্তার দায়িত্বে আগে থেকে পুলিশ ও আনসার বাহিনী নিয়োজিত থাকলেও এখন নতুন করে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি বিশেষ টহল দিচ্ছে।

এর আগে গত মঙ্গলবার চট্টগ্রামে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভায় কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ বিষয়ে নির্দেশনা দেন। সভায় তিনি রোহিঙ্গা শিবিরগুলো নির্বাচন পর্যন্ত সিল করে দেওয়ার নির্দেশ দেন।

এ নির্দেশনা আসার আগে থেকেই শিবিরে কড়াকড়ি আরোপ করা হয়। এখন ধীরে ধীরে নজরদারি আরও বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। উখিয়া-টেকনাফের ৩০টি রোহিঙ্গা শিবিরে দলনেতাদের (মাঝি) স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হচ্ছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. আবুল কালাম বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্বাচনে ব্যবহার করা হতে পারে—এমন আশঙ্কায় নির্বাচন কমিশনের নির্দেশনা মতে শিবিরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এখন থেকে শুধু চিকিৎসা ছাড়া অন্য কোনো কারণে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শিবির থেকে বের হওয়ার ওপর কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।

প্রতিদিন রোহিঙ্গা শিবিরে যৌথ বাহিনীর তিনটি দল পৃথকভাবে টহল দিচ্ছে বলে জানান টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুর রব।

১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত চার দফায় রোহিঙ্গারা বাংলাদেশে আসে। সর্বশেষ গত বছরের ২৫ আগস্ট থেকে রোহিঙ্গার ঢল নামে। সরকারিভাবে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় অবস্থান করছে প্রায় ১১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সহকারী সচিব ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের ইনচার্জ রেজাউল করিম বলেন, ইনচার্জের অনুমতি ছাড়া কোনো রোহিঙ্গা শিবিরের বাইরে যাওয়ার সুযোগ নেই। পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা কাজ করছেন।

কর্মকর্তারা জানান, টাকার লোভে পড়ে রোহিঙ্গা নারী ও পুরুষদের জাল ভোট দানে ব্যবহার করা হতে পারে। এর আগে স্থানীয় নির্বাচনে ভোট দিতে এসে কয়েকজন রোহিঙ্গাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করছিলেন। তা মাথায় রেখে রোহিঙ্গাদের ওপর নজরদারি বাড়ানো হচ্ছে।

উখিয়ার কালুখালী রোহিঙ্গা শিবিরের মাঝি (নেতা) জাকের হোসেন বলেন, ‘বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনী প্রচার-প্রচারণাসহ সব ধরনের কর্মকাণ্ডে যাতে কোনো রোহিঙ্গা সম্পৃক্ত না হয় সে জন্য শিবিরে থাকা রোহিঙ্গাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা উদ্বাস্তু হিসেবে এ দেশে বসবাস করছি।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) টেকনাফ উপজেলার সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের বিষয়টি মাথায় রাখতে হচ্ছে। কারণ টাকা পেলে রোহিঙ্গারা যেকোনো ধরনের কাজে লিপ্ত হতে পারে। একটি চক্র রোহিঙ্গা নাগরিকদের ব্যবহারের সুযোগ খুঁজছে। তবে এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে কঠোর অবস্থানে থাকতে হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান প্রথম আলোকে বলেন, কোনোভাবেই রোহিঙ্গা নাগরিকদের নির্বাচনে সম্পৃক্ততার সুযোগ নেই। এখন থেকে রোহিঙ্গা শিবিরগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সূত্র জানায়, ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের আগ পর্যন্ত রোহিঙ্গা শিবিরে বিদেশি অতিথিদের আসা নিরুৎসাহিত করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা সাধারণত স্পর্শকাতর ওই এলাকায় সরকার বিদেশিদের বাড়তি নিরাপত্তা দেয়।

র‌্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক লেফটেন্যান্ট (বিএন) মির্জা শাহেদ মাহতাব প্রথম আলোকে বলেন, নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার করে কেউ যেন সুবিধা নিতে না পারে সে জন্য শিবিরে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সঙ্গে র‌্যাবও ২৪ ঘণ্টা টহলে রয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।