রোহিঙ্গা শিবিরে বাড়ছে রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে সংক্রামক রোগ ডিফথেরিয়া ছড়িয়ে পড়ছে। গতকাল শুক্রবার পর্যন্ত ২৫০ জন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। আজ শনিবার থেকে আক্রান্ত ব্যক্তিদের টিকা দেওয়া শুরু হওয়ার কথা।

স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, রোহিঙ্গা শিবিরগুলোতে যেন ডিফথেরিয়া না ছড়ায় তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। ডিফথেরিয়া ছড়িয়ে পড়ার বিষয়টি সরকারের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও জানানো হয়েছে।

গত আট-নয় দিনে টেকনাফ ও উখিয়া উপজেলার রোহিঙ্গা শিবিরগুলোতে হঠাৎ করে ডিফথেরিয়ার প্রকোপ দেখা দেয়। কক্সবাজারের সিভিল সার্জন মো. আবদুস সালাম গতকাল প্রথম আলোকে জানিয়েছেন, এখন পর্যন্ত ২৫০ জন আক্রান্ত হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীকে বিষয়টি অবগত করানো হয়েছে। মন্ত্রী টিকা দেওয়া শুরু করতে নির্দেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার পর্যন্ত ১০৭ জন রোগী শনাক্তের তথ্য জানানো হয়েছিল। ডিফথেরিয়ায় এখন পর্যন্ত মারা গেছে পাঁচটি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশের বয়স পাঁচ বছরের কম। কয়েকজনের বয়স ১০ বছরের বেশি। একজনের বয়স ২৭ বছর।

রোহিঙ্গা শিবিরগুলোতে হঠাৎ ডিফথেরিয়া দেখা দেওয়ায় কিছুটা বেকায়দায় পড়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে এমন দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান। শিবিরগুলোতে ইতিমধ্যে হাম, রুবেলা, পোলিও এবং কলেরার টিকা দেওয়া হয়েছে। কিন্তু ডিফথেরিয়া মোকাবিলায় কোনো প্রস্তুতি ছিল না। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা জরুরিভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ওষুধের (অ্যান্টি-টক্সিন) কথা বলেছি। আশা করি আগামী রবি-সোমবারের মধ্যে ওষুধ দেশে এসে পৌঁছাবে।’

ডিফথেরিয়া সংক্রামক রোগ। এর জীবাণু হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। শিশুদের এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। সুস্থ শিশু আক্রান্ত শিশুর বা তার ব্যবহৃত সামগ্রীর (তোয়ালে, খেলনা) সংস্পর্শে এলে এই রোগ হতে পারে। ডিফথেরিয়ার জীবাণু হৃৎপিণ্ড এবং স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে এবং এতে আক্রান্ত শিশুর মৃত্যু হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, ডিফথেরিয়ায় আক্রান্ত শিশু সামান্যতেই ক্লান্ত হয়ে পড়ে। ঠিকমতো খায় না, খেলাধুলা করে না। শিশুর জ্বর, সর্দি ও কাশি দেখা দেয়। গলা ফুলে যায় এবং কণ্ঠনালী বা গলদেশের ভেতরে সরের মতো সাদা পাতলা আস্তরণ পড়ে। আবুল কালাম আজাদ বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সফলতার কারণে বাংলাদেশে ডিফথেরিয়া নেই। সারা বছরে দু-একজনের এই রোগ দেখা দেয়। এই রোগ নিয়ে এ দেশের মানুষের মধ্যে ঝুঁকি নেই। কিন্তু রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে কোনো টিকা কার্যক্রম ছিল না। তাই তাদের মধ্যে এর ঝুঁকি আছে।

অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রাথমিক স্বাস্থ্য কর্মসূচি) জাহাঙ্গীর হোসেন সরকার প্রথম আলোকে বলেছেন, রোগটি ধরা পড়ার পরপরই আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ (আইসিডিডিআরবি), সরকারের সংক্রামক ব্যাধি কর্মসূচি (সিডিসি), সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) একত্রে সভা করেছে। দেশে নিয়মিত টিকা কার্যক্রমের মতো রোহিঙ্গা শিবিরগুলোতেও ইপিআইয়ের পক্ষ থেকে ডিফথেরিয়াসহ অন্যান্য রোগের টিকা দেওয়া শুরু হবে। সিডিসি আক্রান্ত ব্যক্তিদের ওষুধ দেওয়ার ব্যবস্থা করবে। আর আইইডিসিআর রোগ পরিস্থিতি মূল্যায়ন করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইসিডিডিআরবি এ ব্যাপারে সরকারকে সহায়তা করবে।

বাংলাদেশে ইপিআইয়ের মাধ্যমে ডিফথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি প্রতিরোধে শিশুদের পেন্টাভ্যালেন্ট টিকা দেওয়া হয়। প্রায় ৯৭ শতাংশ শিশু এই টিকা পায়। এ ছাড়া যক্ষ্মা, পোলিও, হাম ও রুবেলার টিকাও পায় বাংলাদেশের শিশুরা। কিন্তু মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য কোনো টিকা কর্মসূচি নেই ওই দেশটির সরকারের।