রোহিঙ্গা শিবিরে বাড়ছে সামাজিক নানা সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক নারী বস্তায় করে জ্বালানির কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরছেন। ছবি: মানসুরা হোসাইন
এক নারী বস্তায় করে জ্বালানির কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরছেন। ছবি: মানসুরা হোসাইন

রোহিঙ্গা শিবিরগুলোতে খাদ্য, বাসস্থানের সংকট নেই সেই অর্থে। কিন্তু নারী নির্যাতন, নারী ও শিশুদের নিরাপত্তাহীনতা, মাদক, জঙ্গিবাদের বিস্তারের ঝুঁকিসহ নানা সামাজিক সমস্যা দেখা দিচ্ছে। রোহিঙ্গা শিবিরে কর্মরত এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিবিরগুলোতে পুরুষ ও যুবকদের কাজ করার সুযোগ নেই। এর ফলে নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন কেউ।
১২ ও ১৩ আগস্ট কক্সবাজারের উখিয়ার কুতুপালং, বালুখালী, ময়নারঘোনাসহ বিভিন্ন শিবিরে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ এবং দায়িত্বপ্রাপ্ত সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এসব সমস্যার কথা জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, রোহিঙ্গা জনগোষ্ঠীর অনেকেই মুদি দোকান, জুয়েলারিসহ বিভিন্ন দোকান দিয়েছেন এবং কাজ করছেন। শিবিরগুলোর ভেতরের রাস্তা নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজেও রোহিঙ্গা জনগোষ্ঠী কাজ করছে। তবে রাস্তা নির্মাণসহ উন্নয়নমূলক কাজ স্থায়ী কাজ নয়, দৈনিক বা চুক্তি ভিত্তিতে হচ্ছে। মাসের অন্য সময়গুলোতে এই মানুষগুলোকে বেকার বসে থাকতে হয়। মাসের নির্দিষ্ট সময়ে রেশন তোলা, রান্নার জ্বালানি সংগ্রহ ছাড়া আর তেমন কোনো কাজও নেই। প্রায় যুবকের হাতেই মুঠোফোন দেখা গেল। দোকানে ও দোকানের বাইরে বসে আড্ডা দিয়ে সময় কাটাচ্ছেন তাঁরা।
সরকারের শরণার্থীবিষয়ক ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম টেলিফোনে প্রথম আলোকে বলেন, কর্মক্ষম মানুষ বেকার থাকলে নানা বাজে চিন্তা মাথায় আসে। শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের হাতে সে অর্থে তেমন কোনো কাজ নেই। আবার এই মানুষগুলোর জন্য শিবিরের বাইরে কোনো কর্মসংস্থান করার সুযোগ নেই। শিবিরের ভেতরেই এই মানুষগুলোর জন্য কর্মসংস্থান তৈরি এবং বেশি সময় কাজে ব্যস্ত রাখার বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকেও ভাবা হচ্ছে এবং চেষ্টা চালানো হচ্ছে।
জানা গেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের উৎপাদনশীল কাজে লাগাতে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এর বাইরে শিবিরে কর্মরত বিভিন্ন দাতাগোষ্ঠী, আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন এনজিও শিবিরের মানুষগুলোকে কাজে লাগানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বেচ্ছাসেবক হিসেবে রোহিঙ্গা নারী ও পুরুষদের কাজে লাগানো, থিয়েটারসহ বিভিন্ন সামাজিক প্রচারমূলক কার্যক্রমেও রোহিঙ্গাদের অংশগ্রহণের মাধ্যমে অন্যদের সচেতন করার চেষ্টা চালাচ্ছে সংস্থাগুলো।
রোহিঙ্গা শিবিরগুলোতে রোহিঙ্গা কমিউনিটির মাঝিসহ নারী-পুরুষ নিয়ে গঠিত বিভিন্ন দল বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে। এতে বিভিন্ন সংস্থা সাইট ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে সমন্বয়কের ভূমিকা পালন করছে। আর সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ক্যাম্প ইনচার্জ হিসেবে সার্বিক বিষয় দেখভাল করছেন।
ময়নারঘোনা ক্যাম্পে গিয়ে দেখা যায়, বেশির ভাগ পরিবারেই সাত থেকে আটটি সন্তানসহ সদস্য সংখ্যা ১০ জনের বেশি। রেশনের মাধ্যমে তেল, চাল ও ডালের ব্যবস্থা হচ্ছে। কিন্তু সংসারের অন্যান্য খরচ মেটানোর জন্য হাতে টাকা নেই। এর ফলে অভাব, অনটনসহ নানা কারণে পারিবারিক নির্যাতনের ঘটনা বাড়ছে।
শিবিরে সাইট ম্যানেজমেন্ট, নারীদের ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা অ্যাকশন এইডে কর্মরত ব্যক্তিরা জানালেন, পরিবারের কিশোরী মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে বাল্যবিবাহের ঘটনা বাড়ছে। ধর্ষণসহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে যে নারীরা একা আসতে বাধ্য হয়েছেন, তাঁরাও নিরাপত্তার কথা চিন্তা করে কম বয়সী ছেলেদের বিয়ে করছেন। শিবিরে রেশনসহ বিভিন্ন সহায়তা পাওয়ার কার্ডগুলো নারীদের নামে, এই কার্ডের মালিক হওয়ার আশায় পুরুষেরা নিজের শিবির এমনকি অন্য শিবিরে গিয়েও একাধিক বিয়ে করছেন।
শিবিরে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। একাধিক সংস্থার নারী কর্মীরা জানালেন, শিবিরে তাঁদেরও মাঝে মাঝে রোহিঙ্গা যুবকদের মাধ্যমে উত্ত্যক্ততার শিকার হতে হয়। কিছু কিছু শিবির ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা আছে, সেখানে নারীরা পুরুষ সহকর্মীদের ছাড়া যান না। আর বিকেলের পর নিরাপত্তার কথা চিন্তা করেই তাঁরা আর শিবিরে থাকছেন না।
অ্যাকশন এইডের হিউম্যানিটেরিয়ান রেসপন্সের প্রধান আব্দুল আলিম প্রথম আলোকে বলেন, নারী ও শিশুর নিরাপত্তার বিষয়টি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। অবকাঠামোগত কারণ, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং পুরুষদের হাতে কাজ না থাকার কারণে নারী ও কিশোরীদের যৌন নির্যাতনের ঘটনা ঘটছে।
উখিয়ার ১১, ১২, ১৮ ও ২০ নম্বর শিবির এবং ২০-এর বর্ধিত অংশের ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ জাহিদ আখতার (জ্যেষ্ঠ সহকারী সচিব) প্রথম আলোকে বলেন, শিবিরে সংরক্ষিত তথ্য-উপাত্ত অনুযায়ী, বহুবিবাহ, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা বাড়ছে। তবে এটাও ঠিক, যে পরিমাণ ঘটনা ঘটছে, তার সব রোহিঙ্গারা প্রকাশ করছে না। এ ক্ষেত্রে প্রকাশ করলে ওই রোহিঙ্গা পুরুষ যদি আবার কোনো ক্ষতি করে, সে ভয় কাজ করছে। বিয়ের জন্য ক্যাম্প ইনচার্জের তত্ত্বাবধানে একটি রেজিস্ট্রি খাতা রাখা আছে। কিন্তু দেখা যাচ্ছে, রোহিঙ্গারা এখানে নিবন্ধন করতে আসতে চান না। তাঁরা জানেন, কম বয়সে মেয়ের বিয়ে দেওয়ার জন্য অনুমতি পাবেন না। তাই স্থানীয় ইমাম বা অন্যদের মাধ্যমে গোপনে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন।
মোহাম্মদ জাহিদ আখতার বলেন, সন্ধ্যার পরে শিবিরগুলোতে সরকারি, বেসরকারি কর্মকর্তারা থাকতে পারেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও কম থাকে। শিবিরের মানুষগুলোকে খাদ্য, বস্ত্রসহ বিভিন্ন মৌলিক চাহিদা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। এই মানুষগুলোকে কর্মসংস্থানের আওতায় আনা সম্ভব হয়নি। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আর আন্তর্জাতিকভাবেই এ এলাকাটি ইয়াবাসহ বিভিন্ন মাদকের রুট হিসেবে পরিচিত। এর ফলে এই মানুষগুলোকে প্রভাবিত করা খুব সহজ। স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে রোহিঙ্গাদের দ্বন্দ্বসহ প্রভাব বিস্তারের সমস্যাও প্রকট হচ্ছে। সব মিলে নানা সামাজিক সমস্যা মাথাচাড়া দিচ্ছে।
দেশের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে মোট কত নারী নির্যাতনের শিকার, মাদক, পাচার, ধর্ষণসহ অন্যান্য ঘটনা কী পরিমাণে ঘটছে, তার সার্বিক পরিসংখ্যান নেই। তবে বিভিন্ন সংস্থার গবেষণায় এ ধরনের ঘটনা যে ঘটছে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশে আসা রোহিঙ্গারা হয়রানি, নির্যাতন, অপহরণ, মানব পাচার ও মাদক ব্যবসায় জড়ানোর ঝুঁকিতে আছে উল্লেখ করা হয়। প্রতিবেদনে শিবিরগুলোতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করারও সুপারিশ করা হয়। উখিয়া ও টেকনাফের নিবন্ধিত রোহিঙ্গা শিবির, অস্থায়ী শিবির, নতুন আবাসস্থল ও স্থানীয় লোকজনের মধ্যে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে এক জরিপ চালানোর ভিত্তিতে ‘রোহিঙ্গা ইমার্জেন্সি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট’ (রিভা) শীর্ষক এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহ বা বহুবিবাহের মতো বিষয়গুলো এখন পর্যন্ত রোহিঙ্গারা তাদের পারিবারিক বিষয় হিসেবেই ভাবছে। প্রায় নিরক্ষর এবং অনেকটা মধ্যযুগীয় কায়দায় অভ্যস্ত রোহিঙ্গাদের রাতারাতি সচেতন করা সম্ভব নয়। তাই সামাজিক সমস্যাগুলোর দিকে এখনই নজর না বাড়ালে গভীর সংকট তৈরি হবে। আর এ সমস্যা সমাধানে রোহিঙ্গারা শিবিরের ভেতরেই যাতে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ পায়, তার ব্যবস্থা করতে হবে।
রোহিঙ্গা সংকটের ছয় মাস পেরিয়ে যাওয়ার পর বাংলাদেশে রোহিঙ্গা শিশুরা কেমন আছে তা নিয়ে আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন এবং ওয়ার্ল্ড ভিশনের যৌথ গবেষণা প্রতিবেদন বলছে, কাঠ সংগ্রহ করতে গিয়ে শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ছয় লাখই শিশু। এদের মধ্যে ২৬ হাজার শিশুর বাবা অথবা মা মারা গেছে। ৭ হাজার শিশুর মা-বাবার কেউই নেই। এই শিশুরাও নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে।
নারী ও শিশুদের মানসিক স্বাস্থ্য
নারী ও মানবাধিকারকর্মীরা মিয়ানমারে নির্যাতনের শিকার এবং শিবিরগুলোতেও অনিশ্চয়তাসহ বিভিন্ন সমস্যায় থাকা নারী ও শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে বড় চ্যালেঞ্জ এবং উদ্বেগ হিসেবে দেখছেন।
চলতি বছরের জানুয়ারিতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার ৩৩টি শিবিরের প্রতিটি থেকে ১০০ পরিবারের সাক্ষাৎকারের ভিত্তিতে ‘ফোর্সড মাইগ্রেশন অব রোহিঙ্গা: দ্য আনটোল্ড এক্সপেরিয়েন্স (জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা: অব্যক্ত অভিজ্ঞতা)’ বইয়ে উল্লেখ করা হয়েছে, গত বছরের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর তাণ্ডবে ২৪ হাজার রোহিঙ্গা প্রাণ হারিয়েছে। আর ধর্ষণের শিকার হয়েছেন অন্তত ১৮ হাজার নারী। গবেষণার মূল লক্ষ্য ছিল ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া সাড়ে ৬ লাখ রোহিঙ্গার অভিজ্ঞতা জানা।
উখিয়ার বিভিন্ন শিবিরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রকল্পের অধীনে ১০টি ট্রমা কাউন্সেলিং সেন্টারে নারী ও শিশুদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। সরকারের এ কার্যক্রমের প্রকল্প পরিচালক আবুল হোসেন বলেন, যে নারী ও শিশুদের সামনে পরিবারের সদস্যদের মেরে ফেলা হয়েছে বা নিজেরা ধর্ষণসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের জন্য দীর্ঘ মেয়াদে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া প্রয়োজন।
কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, শিবিরগুলোতে এখন পর্যন্ত বড় ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রোহিঙ্গাদের নিজেদের বিরোধ থেকে কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তারপরও পুলিশ ক্যাম্প এবং পুলিশ সদস্যের সংখ্যা বাড়ানো, শিবিরের মূল প্রবেশপথ বা গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি বসানো যায় কি না, এসব নিয়ে চিন্তাভাবনা চলছে। ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতাসহ বিভিন্ন বিষয়ে গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় কিছু সূত্র তথ্য-উপাত্ত সরবরাহ করছে। রোহিঙ্গাদের কেউ যাতে জন্মনিবন্ধন সনদ দেখিয়ে পাসপোর্ট করতে না পারে, সে জন্য কক্সবাজারে এক বছর ধরে জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ জাহিদ আখতার জানালেন, শিবিরগুলোতে কোনো সমস্যা দেখা দিলে প্রথমে কমিউনিটির নেতা বা মাঝি, তারপর সাইট ম্যানেজমেন্ট কমিটিসহ বিভিন্ন স্তরের কাছে সমাধানের জন্য যায়। এসব জায়গায় সমাধান না হলে তখন ক্যাম্প ইনচার্জের কাছে আসে অভিযোগগুলো। ক্যাম্প ইনচার্জের প্রতি রোহিঙ্গাদের আস্থা বাড়ার ফলে বলা যায় ৯৫ শতাংশ অভিযোগেরই মীমাংসা করা সম্ভব হচ্ছে। তবে মাদক, হামলার মতো ঘটনা ঘটলে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তা স্থানীয় থানায় পাঠানো হচ্ছে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক প্রথম আলোকে বলেন, শিবিরগুলোতে মানবাধিকার সুরক্ষায় কমিশন সেপ্টেম্বর থেকে কক্সবাজারে একটি অফিস চালু করতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে এক বছরের জন্য অফিস চালু করলেও পরে দরকার হলে সময় বাড়ানো হবে।