রোহিঙ্গা শিশুদের চোখে-মুখে এখনো আতঙ্ক
সাদেকার হাতে একটি কম্বল তুলে দিলাম। ভেবেছিলাম এত কষ্টের মধ্যেও একটু হাসি ফুটবে। কিন্তু না। মুখটা শুকনা। আতঙ্কের ছাপ। মাত্র আট বছরের মেয়েটা। কোথায় আছে। কোথায় যাবে। ভবিষ্যতে তার জন্য আরও কত বিপদ অপেক্ষা করছে। মনে হয় এসব চিন্তাই তাকে বাকহীন করে রেখেছে।
উখিয়ার কুতুপালংয়ে এসেছি আশ্রয়প্রার্থী রোহিঙ্গা শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য। প্রথম আলো ট্রাস্ট ও কোস্ট ট্রাস্ট এ উদ্যোগ নিয়েছে। কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীসহ তাঁদের প্রতিষ্ঠানের অন্য কর্মীরাও রয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদকও আছেন। একে একে নূর, আবু হোবায়রা, মর্জিনা বেগম, রোজিনাদের হাতে কম্বল, সোয়েটার, চকলেটের প্যাকেট তুলে দিলাম। দীর্ঘ লাইন। তাদের সবারই বয়স পাঁচ থেকে নয়ের মধ্যে। ওরা কেউ জানে না ভবিষ্যৎ ওদের কোথায় নিয়ে যাবে। শুধু জানে, তাদের কোনো ঘরবাড়ি নেই। মিয়ানমারে একদল বাহিনী পরিকল্পিতভাবে ওদের সব জ্বালিয়ে দিয়েছে। প্রাণের ভয়ে ওরা এসেছে অনেক পথ পাড়ি দিয়ে। বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
অথচ এই বয়সে ওদের স্কুলে যাওয়ার কথা, খেলাধুলায় মেতে থাকার কথা। কিন্তু না। সবকিছু ওলটপালট হয়ে গেছে। এখন তাদের একমাত্র চিন্তা আগামীকাল কী হবে?
এ প্রশ্নের উত্তর আমরা কেউ জানি না।
আমরা ভেবেছিলাম, রোহিঙ্গা শিশুদের জন্য সামান্য কিছু গরম পোশাক নিয়ে যাচ্ছি, আমরা কি সামলাতে পারব? সবাই তো হুমড়ি খেয়ে পড়বে। কিন্তু না। এখানে আমাদের সেনাবাহিনী খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে। ত্রাণের জন্য যাঁরাই আসবেন, তাঁদের সবকিছু সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণের জন্য সেনাসদস্যরা চমৎকার ব্যবস্থা করেছেন। তাঁরা প্রথমে রোহিঙ্গা পরিবারের ঘরে ঘরে গিয়ে হিসাব করেন, কার কতটা প্রয়োজন, সে অনুযায়ী কার্ড দিয়ে আসেন। সেই কার্ড দেখিয়ে তাঁরা রিলিফ নিয়ে যান। কোনো হইচই নেই। অনিয়ম নেই। বিশৃঙ্খলা নেই।
কুতুপালং এলাকাটি ছিল সংরক্ষিত বনাঞ্চল। কিন্তু কয়েক বছর ধরে মিয়ানমার থেকে অত্যাচার-নির্যাতনে উৎখাত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা। তারা বন কেটে ঘর তুলেছে। পাহাড় কেটে ঘন বসতি করেছে। মানবেতর জীবন যাপন করছে। আমাদের পাশেই দাঁড়িয়েছিলেন রমিজা বেগম। ১০ ফুট বাই ১০ ফুট ছাপরা ঘরে তাঁরা স্বামী-ছেলেমেয়ে নিয়ে থাকছেন। বললেন, তাঁদের বাড়িঘর, জমিজমা ছিল মিয়ানমারের মংডু এলাকার একটি গ্রামে। সব পুড়িয়ে দিয়েছে। অনেককে কেটে ফেলেছে চোখের সামনে। এরপর তাঁরা সবকিছু ফেলে এখানে চলে এসেছেন।
বললাম, আপনাদের নিজেদের গ্রামে আবার ফিরে যাওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমারের সঙ্গে একটি চুক্তি হয়েছে। কিন্তু ওদের কেউ এসব কথায় আস্থা রাখে না। বলে, ‘মরতে হলে এখানেই মরব। আমাদের গুলি করে মারেন। কিন্তু ওখানে গিয়ে মরতে চাই না।’
কেন? কারণ ওদের বদ্ধমূল ধারণা, সেখানে তাদের ঘরবাড়ি আর ফিরিয়ে দেওয়া হবে না। হয়তো এক জায়গায় ঘেরাও করে রাখবে। প্রতিদিন ভয়ের মধ্যে থাকতে হবে।
বললাম, কিন্তু আপনারা তো এখানে মানবেতর জীবন যাপন করছেন। এভাবে কি থাকা যায়?
রমিজা বেগমের সাফ জবাব, ‘তা-ও ভালো। এখানে তো স্বাধীনভাবে বেঁচে থাকার নিশ্চয়তা আছে। আমাদের তো কেউ জ্বালিয়ে-পুড়িয়ে মারবে না।’