রোহিঙ্গা শিশুদের দুর্ভোগের কথা ভেবে ঘুম হয়নি কাদেরের
সহিংসতার কারণে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা ও রোহিঙ্গা শিশুদের দুর্ভোগের কথা ভেবে সোমবার রাতে স্বাভাবিক ঘুম হয়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। তিনি বলেন, সোমবার সারা রাত বৃষ্টি হয়েছে। শরণার্থীশিবিরগুলোতে রোহিঙ্গারা কী যে কষ্ট পেয়েছে—একমাত্র তারাই জানেন।
আজ মঙ্গলবার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং গ্রামে সড়কের পাশে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, কত দিন খায়নি রোহিঙ্গারা। ভিটেবাড়ি সব হারিয়ে নিদারুণ যন্ত্রণা নিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে মানবেতর জীবন যাপন করছে। এখন আওয়ামী লীগের আর কোনো কাজ নেই। এখন নেতা-কর্মীদের একটাই কাজ, চরম বিপন্ন রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বর্তমান সরকারের সক্ষমতা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, সোমবার সারা রাত বৃষ্টি হয়েছে। শরণার্থীশিবিরগুলোতে রোহিঙ্গারা কী যে কষ্ট পেয়েছে—একমাত্র তারাই জানে। বিশেষ করে শিশুদের দুর্ভোগের কথা ভেবে স্বাভাবিক ঘুম হয়নি তাঁর। নানা রোগে আক্রান্ত শিশুদের অবস্থা খুবই খারাপ। এখন একটাই স্লোগান হওয়া উচিত, ‘জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য’।
উনচিগ্রাং গ্রামে চার হাজার রোহিঙ্গার মাঝে ত্রাণ বিতরণের ব্যবস্থা করে কক্সবাজার পৌরসভা ও জেলা আওয়ামী লীগ।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ত্রাণ নিতে আসা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখে হতাশ হন। কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষ মিয়ানমার সরকারের অমানুষিক নির্যাতনের কথা তুলে ধরেন তাঁর কাছে। এ সময় মন্ত্রী বলেন, গণহত্যার জন্য মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হওয়া উচিত। রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কক্সবাজারের দলীয় সাংসদ আবদুর রহমান বদি ও আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ প্রমুখ।
এরপর জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানেও নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।