রোহিঙ্গা সংকটের বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সফরে আসা ৫৭টি মুসলিম দেশের জোট ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল-ওসাইমিন। তিনি বলেন, ওআইসি রোহিঙ্গাদের পাশে আছে। রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হবে।
গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ে দুটি রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় ওআইসি মহাসচিব এসব কথা বলেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনী ও পুলিশের দমন-পীড়নের মুখে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখ থেকে নির্যাতনের বর্ণনা শোনেন তিনি।
দুপুর সোয়া ১২টার দিকে ওআইসির মহাসচিব বিমানে ঢাকা থেকে কক্সবাজারে আসেন। শহর থেকে সড়কপথে প্রথমে উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে যান তিনি। এ সময় ওআইসি মহাসচিবের কাছে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি ও বাংলাদেশ সরকারের ভূমিকার কথা তুলে ধরেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। তখন সেখানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈন উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিদেশি দাতা সংস্থার প্রতিনিধিরা।
কুতুপালংয়ের অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা রয়েছে। এর পাশের নিবন্ধিত কুতুপালং শিবিরে অবস্থান করছে ২০ হাজার রোহিঙ্গা শরণার্থী। ওআইসি মহাসচিব দুটি শিবিরে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন। তিনি রোহিঙ্গাদের ঝুপড়ি ঘরের (পলিথিন আর মাটির তৈরি) জীবনযাপন প্রত্যক্ষ করেন।
২০১৬ সালের ৯ অক্টোবর রাখাইন রাজ্যের তিনটি পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনার পর সে দেশের সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযানের নামে টানা তিন মাস রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালায়। দমন-পীড়নের মুখে অন্তত ৯০ হাজার রোহিঙ্গা (জাতিসংঘের তথ্য অনুযায়ী ৭৪ হাজার) নাফ নদী অতিক্রম করে উখিয়ার কুতুপালং, বালুখালী ও টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেয়। কুতুপালং ও টেকনাফের লেদা এলাকার পৃথক দুটি শিবিরে আগে থেকে অবস্থান করছিল আরও দেড় লাখ রোহিঙ্গা।
ওআইসি মহাসচিব কুতুপালংয়ের নিবন্ধিত শিবিরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত একটি স্কুলে রাখাইন থেকে সম্প্রতি পালিয়ে আসা ১৭ জন নির্যাতিত রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা (দোভাষীর মাধ্যমে) বলেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, বীভৎস নির্যাতনের বর্ণনা শুনে ওআইসি মহাসচিব আবেগাপ্লুত হন। রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত সম্প্রদায় বলে মন্তব্য করেন। শিবির পরিদর্শন শেষে ওআইসি মহাসচিব রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বৈশ্বিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।
ঢাকায় মতবিনিময়
বার্তা সংস্থা বাসস জানায়, ওআইসির মহাসচিব গতকাল সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষেÿআলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। রোহিঙ্গাদের সাহায্য করার জন্য বাংলাদেশকে ১ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন ওআইসির মহাসচিব।