রোহিঙ্গা সংকট কূটনৈতিকভাবে সমাধানের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেক্টর কমান্ডারস ফোরামের গোলটেবিল আলোচনায় বক্তারা। ছবি: প্রথম আলো
সেক্টর কমান্ডারস ফোরামের গোলটেবিল আলোচনায় বক্তারা। ছবি: প্রথম আলো

রোহিঙ্গা সংকটের সমাধান অত্যন্ত জটিল বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, রোহিঙ্গা সমস্যা অনেক পুরোনো। রোহিঙ্গা সংকট মিয়ানমারের নিজস্ব রাজনৈতিক সমস্যা। মিয়ানমারকেই রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধান করতে হবে।

বিশেষজ্ঞদের মত, আমাদের দেশে আগের সরকারগুলো সমস্যা সমাধানে সুস্পষ্ট পদক্ষেপ নেয়নি। এখন সরকার পরিষ্কার অবস্থান নিয়েছে। রোহিঙ্গা সংকটের ব্যাপারে আগে বিশ্বসম্প্রদায় তেমন জানত না, নীরবও ছিল। এখন বিশ্বজনমত রোহিঙ্গাদের পক্ষে আছে। তাই বাংলাদেশকে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রাখতে হবে।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় সভায় এসব কথা বলা হয়।

সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব ‘বিপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠী—মানবিক দায়বদ্ধতা ও রূঢ় বাস্তবতা’ শীর্ষক লিখিত প্রবন্ধে পাঠ করেন। প্রবন্ধে বলা হয়, রোহিঙ্গাদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের দেশত্যাগে বাধ্য করা হচ্ছে। রোহিঙ্গা জনস্রোত এখন বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও নিরাপত্তার জন্য চরম হুমকি। ৫০ বছরের বেশি সময় ধরে সেখানে চলছে সেনাশাসন। গণতন্ত্র ফিরে এলেও সংসদের ২৫ ভাগ সেনাবাহিনীর জন্য নির্ধারিত। অং সান সু চি এককভাবে মিয়ানমার নিয়ন্ত্রণ করেন তা ভাববার কারণ নেই। তবে তিনি এই বর্বরতার দায় এড়াতে পারেন না।

রোহিঙ্গা সংকটের পেছনে তৎকালীন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের রাজনৈতিক অদূরদর্শিতাকে দায়ী করেছেন সাবেক একজন কূটনৈতিক। সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ মনে করেন, ভারত ও মিয়ানমার বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। ২০০৩ সালে মিয়ানমারের শাসকগোষ্ঠী গ্যাস বিক্রি করার চেষ্টা করে। তখন আমেরিকার একটি কোম্পানি গ্যাস উত্তোলন করে। ভারত ওই গ্যাস কেনার জন্য চেষ্টা করে। তখন মিয়ানমার ও ভারত যৌথভাবে তখনকার জোট সরকারের সঙ্গে যোগাযোগ করে। প্রস্তাব দেয়, পাইপলাইনের মাধ্যমে মিয়ানমার থেকে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে নিয়ে যাবে। দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি তেমন আলোচনা হয়নি। বাধ্য হয়ে মিয়ানমার চীনের কাছে গ্যাস বিক্রি করে। মিয়ানমার যদি ভারতের কাছে গ্যাস বিক্রি করতে পারত তাহলে রোহিঙ্গা সমস্যা আজকের পর্যায়ে আসত না বলে মন্তব্য করেন শফিউল্লাহ।

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের শেষ বৈঠকে আমরা দেখলাম, ১৫টি রাষ্ট্রের মধ্যে ১৩টি রাষ্ট্র শক্তভাবে রোহিঙ্গাদের পক্ষে কথা বলেছে। বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেছে। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা অসাধারণ। জাতিসংঘ বলছে, রাখাইনে জাতিগত নিধন চালানো হচ্ছে।’

রোহিঙ্গা সমস্যা বহুমাত্রিক চিহ্নিত করে দেলোয়ার হোসেন বলেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধান সহজ হতো যদি রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে রাজনৈতিক নেতৃত্ব থাকত। নেতৃত্ব না থাকাটা বড় ধরনের সীমাবদ্ধতা।’ ৫৫ বছর ধরে মিয়ানমারে সামরিক শাসন চলছে জানিয়ে তিনি বলেন, ‘মিয়ানমার এখনো নয়টি জাতিগোষ্ঠীর সঙ্গে যুদ্ধে লিপ্ত আছে। তাদের কাছে আমরা কী বা আশা করতে পারি।’ অধ্যাপক দেলোয়ার মনে করেন, গত পাঁচ বছরে ভারত ও চীনের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজমান। রোহিঙ্গা সংকটেও তার প্রভাব রয়েছে। আবার ভারত ও চীনের যেসব প্রকল্প আছে, সেগুলোর স্নায়ুকেন্দ্র হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্য। এসব প্রকল্প শত শত বিলিয়ন ডলারের প্রকল্প। রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও রাশিয়া দ্বিপক্ষীয় সমাধান চায়। স্থায়ীভাবে সমাধান করতে হলে কফি আনানের সুপারিশ বাস্তবায়নের দিকে যেতে হবে।

১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর সংকট মোকাবিলা করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে উল্লেখ করে দেলোয়ার হোসেন বলেন, ‘রোহিঙ্গা সংকট অনেক দিন যাবৎ চলবে। এখন শরণার্থী সমস্যা মোকাবিলার জন্য ত্রাণ কূটনীতির ওপর জোর দিতে হবে। মিয়ানমার যদি বলেও আমরা তাদের নিয়ে যাব, তারপরও অনেক সময় লাগবে। আমরা দেখেছি, ১৯৭৮ সাল এবং ১৯৯২ সালে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে যে ২ লাখ ৩৭ হাজার রোহিঙ্গা পাঠিয়েছিলাম, সেখানেও অনেক সময় লেগেছে।’

রোহিঙ্গা সংকটকে ‘পৃথিবীর মানবতার সংকট’ আখ্যায়িত করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। তিনি মনে করেন, ‘চীন, ভারত ও রাশিয়ার ওপর মিয়ানমারের প্রভাব রয়েছে। তাদের যে মিয়ানমারের প্রয়োজন, সেটা এক দিনে শেষ হয়ে যাবে না। মিয়ানমারের মানবতাবিরোধী আচরণের বিরুদ্ধে যদি এই তিন শক্তিশালী রাষ্ট্র দাঁড়ায়, কালকে যখন অবস্থার উন্নতি হবে, তখন মিয়ানমার কি তাদের বাদ দিয়ে চলতে পারবে, তা কিন্তু পারবে না। তুলনামূলক তাদের যে শক্ত অবস্থান আছে তা তারা কাজে লাগাতে পারে।’ চীনের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়ে ফয়েজ আহমেদ বলেন, চীন ঘোষণা দিয়ে কাজ করে না। তারা ভেতরে-ভেতরে প্রভাব খাঁটিয়ে কাজ করার চেষ্টা করে। তারা যে বলেছে, দুই পক্ষের সঙ্গে কাজ করবে, সে কথার ওপর বিশ্বাস স্থাপন প্রয়োজন।

গোলটেবিল আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাবেক রাষ্ট্রদূত কামালউদ্দিন হোসেন, সেক্টর কমান্ডারস ফোরামের সহসভাপতি টেলিভিশন ব্যক্তিত্ব ম হামিদ, মুক্তিযোদ্ধা আনোয়ারুল আলম ও মো. নুরুল আলম, যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদ পাটোয়ারী, সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় নারী কমিটির সভাপতি লায়লা হাসান প্রমুখ। গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার।