রোহিঙ্গা সংকট 'দীর্ঘমেয়াদি'
মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কথা বললেও রোহিঙ্গা সংকট দীর্ঘমেয়াদি হবে বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। সে আলোকে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ৪ লাখ ৩০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশে উদ্ভূত পরিস্থিতিতে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। বৈঠকে জানানো হয়, এখন পর্যন্ত চট্টগ্রাম, মানিকগঞ্জ, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, হবিগঞ্জ, কুড়িগ্রাম, টাঙ্গাইল ও চুয়াডাঙ্গা জেলায় ৫১৫ জন রোহিঙ্গা ছড়িয়ে পড়ে। পরে তাদের ক্যাম্পে পাঠানো হয়।
বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি টিপু মুন্শি সাংবাদিকদের বলেন, রোহিঙ্গারা যাতে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য চট্টগ্রামসহ সংশ্লিষ্ট এলাকায় যানবাহনের টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্র দেখানো, রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম আরও জোরদার করার কথা বলা হয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান শিগগিরই হবে বলে কমিটি মনে করছে না। যদিও মিয়ানমারের মন্ত্রী এসে বলেছেন যে তাঁরা এর সমাধান করবেন। যদি এ সমস্যা কখনো বাংলাদেশ-মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়, তখন বিশ্ব মতামতও অন্য রকম হবে। এ জন্য কমিটি বলেছে, এই সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গাদের যেখানে পুনর্বাসন করার কথা চিন্তা করা হচ্ছে সেখানেও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে কমিটি রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে এতিম ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
নিবন্ধনে আগ্রহ নেই
বৈঠক সূত্র জানায়, বৈঠকে জানানো হয় যে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধনে আগ্রহ দেখা যাচ্ছে না। বেশির ভাগ নেতিবাচক মনোভাব দেখাচ্ছেন। এখন পর্যন্ত ৫০ হাজারের কিছু বেশিসংখ্যক রোহিঙ্গা নিবন্ধনের আওতায় এসেছে। এ বিষয়ে টিপু মুন্শি বলেন, রোহিঙ্গাদের অনেকে নিবন্ধনে নেতিবাচক মনোভাব দেখাচ্ছেন। সংসদীয় কমিটি বলেছে, রোহিঙ্গাদের নিবন্ধনে ‘মোটিভেটেড’ করতে হবে। নিবন্ধনকাজ দ্রুত করার সুপারিশ করেছে।
ধর্ষণ বাড়ছে
সূত্র জানায়, বৈঠকে সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধের চিত্র তুলে ধরা হয়। তাতে দেখা যায়, সাধারণ অপরাধ কমলেও ধর্ষণের প্রবণতা বেড়েছে। এ বিষয়ে সভাপতি টিপু মুনশি বলেন, এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ধর্ষণ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত শাস্তি নিশ্চিত করার কথা বলা হয়েছে।
টিপু মুনশির সভাপতিত্বে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. মোজাম্মেল হোসেন, শামসুল হক টুকু, ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম ও কামরুন নাহার চৌধুরী বৈঠকে অংশ নেন।