রোহিঙ্গা-সংকটের উৎস খুঁজে দেখতে হবে মিয়ানমারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে মিয়ানমার কর্তৃপক্ষকেই দেশের ভেতরকার সংকটের উৎস খুঁজে বের করতে হবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট দূর করার এই প্রক্রিয়ায় প্রতিবেশী বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা নিতে পারে মিয়ানমার।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মিয়ানমারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা প্যাট্রিক মারফি গতকাল বুধবার গণমাধ্যমের কাছে এই অভিমত দিয়েছেন। প্যাট্রিক মারফির মতে, মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কার তার নিজের জন্য এবং প্রতিবেশী বাংলাদেশের জন্য দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সম্ভাবনা তৈরি করেছে। আর সংস্কারকে সুসংহত করতে হলে বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্যকে উদাহরণ হিসেবে কাজে লাগাতে পারে মিয়ানমার।মিয়ানমারের সংস্কার-প্রক্রিয়ায় মার্কিন প্রশাসনের নীতিমালা নিয়ে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ ওই কর্মকর্তা গত মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসেন। এই সফরের সময় তিনি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট একাধিক মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। ঢাকা সফর শেষে তিনি মিয়ানমারে যাত্রা করেছেন। দুই দিনের সফর শেষ করার আগে গতকাল সকালে তিনি আমেরিকান সেন্টারে কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে মতবিনিময় করেন।মিয়ানমারের সংস্কার-প্রক্রিয়া, বিশেষ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ সহায়ক ভূমিকা রাখতে পারে বলে মত দেন প্যাট্রিক মারফি। তিনি বলেন, গণতন্ত্রের চর্চায় বাংলাদেশের চমৎকার ঐতিহ্য রয়েছে। আর মিয়ানমারের গণতন্ত্র মাত্র যাত্রা শুরু করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশের অনেক দেওয়ার আছে।অবারিত সীমান্তের পক্ষে: প্যাট্রিক মারফি বলেন, ‘নানা সীমাবদ্ধতা সত্ত্বেও মিয়ানমার থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের বছরের পর বছর আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করতে, হবে যাতে রোহিঙ্গাদের নিজ ভূখণ্ড ছেড়ে থাকতে না হয়। আমরা আশা করব, মিয়ানমারের আশপাশের দেশগুলো শরণার্থীদের আশ্রয় দেবে, সেই সঙ্গে তারা আন্তর্জাতিক সংস্থাকে সহযোগিতা করবে, যেখানে আমরা ওই সব সংস্থাকে সহযোগিতা করব।’তবে প্যাট্রিক মারফি রোহিঙ্গাদের সাহায্যের জন্য সীমান্ত খোলা রাখার পক্ষে মত দেন। তিনি বলেন, ‘অন্য দেশের মতো বাংলাদেশকে এ ধরনের সংকটকালে সীমান্ত উন্মুক্ত রাখতে উৎসাহ জোগাব। বিশেষ করে জীবন বাঁচাতে যাদের আশ্রয়ের কোনো বিকল্প নেই, তাদের জন্য সীমান্ত অবারিত রাখাটা জরুরি। এটা ভুলে গেলে আমাদের চলবে না যে একেবারে নিরুপায় হয়ে প্রাণের ভয়ে এরা মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছে।’সংস্কারের প্রশংসা: মিয়ানমারের সংস্কার-প্রক্রিয়ার প্রশংসা করে প্যাট্রিক মারফি বলেন, ‘দেশটিতে যে সংস্কার সূচিত হয়েছে, তা বাস্তবসম্মত। পাঁচ দশকের স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে এই সংস্কার সেখানকার লোকজনের জীবনমান পরিবর্তনে সত্যিকারের একটি সুযোগ তৈরি করেছে। দীর্ঘ যাত্রার একটি জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে মিয়ানমার। তবে এখনো অনেক সমস্যা রয়ে গেছে। জাতিগত বিভেদ দূর করা যে একটি বিরাট চ্যালেঞ্জ, সেটি রাখাইন রাজ্যের সংঘাত আরেকবার প্রমাণ করেছে। তাই এখনো অনেক ক্ষেত্রে উদ্বেগ দূর হয়নি। তবে এই মুহূর্তে সেখানে দেশ পরিচালনার জন্য একটি কর্তৃপক্ষ রয়েছে, যাদের সঙ্গে আমরা কাজ ও সহযোগিতা করতে পারি।’প্যাট্রিক মারফি বলেন, ‘বর্তমান সরকার রাখাইন রাজ্যের চ্যালেঞ্জের বিষয়গুলো স্বীকার করেছে। জাতিগত সংঘাতের বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিশন গঠন করেছে। আশা করছি খুব শিগগিরই সেই প্রতিবেদন দেখতে পাব। আমরাও এ ব্যাপারে তাদের উৎসাহিত করি যে সরকারও স্বীকার করেছে তাদের দীর্ঘমেয়াদি সমাধানের মধ্যে নাগরিকত্বের বিষয়টিও রয়েছে।’