রোহিঙ্গা সংকটের ব্যাপকতা বিচলিত করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের নিয়ে সাম্প্রতিককালে বাংলাদেশ সবচেয়ে বড় মানবিক বিপর্যয় মোকাবিলা করছে। সরকারি হিসাবে গত ২৫ আগস্টের পর এখানে এসেছে প্রায় সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গা। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তেমন কোনো পূর্বপ্রস্তুতি থাকার কথা নয়। শুরুতেই আসতে থাকা হাজারো রোহিঙ্গার ঠিকানা হয় টেকনাফ ও উখিয়ার মহাসড়কের দুই ধারে। তবে বিপন্ন মানুষের পাশে ছুটে যায় বাংলাদেশের হাজারো মানুষ। রান্না করা থেকে শুকনা খাবার আর পানি—যে যা পেরেছেন, তাই নিয়ে পাশে দাঁড়িয়েছেন। সরকারও তড়িঘড়ি হাতে নেয় জরুরি ত্রাণ কার্যক্রম। রোহিঙ্গারা নিজ পূর্বপুরুষের জনম জনমের ভিটা ছেড়ে আসে আশ্রয়ের সন্ধানে, জীবন বাঁচাতে, সম্ভ্রম বাঁচাতে। আগেও এসেছিল। তবে আমার অভিজ্ঞতায় এবারের বিপর্যয়ের সঙ্গে আগের মাত্রার কোনো তুলনাই হয় না। এবারের ঘটনায় টনক নড়ে বিশ্ববিবেকের। প্রতিবাদী হয় তারা। সংহতি জানায় বাংলাদেশের সঙ্গে, তবে রাশিয়া ও চীন থাকে বিপরীত ভূমিকায়। ভারত অবলম্বন করে দুমুখো নীতি।

মিয়ানমার সরকার কিছুটা পিছু হটেছে বলে মনে হয়েছিল। সে দেশের নেতা অং সান সু চি তাদের ফিরিয়ে নিতে বিশ্বসমাজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হন। গোটা ব্যাপারটা নিজের চোখে দেখতে এসেছিলাম কক্সবাজার। গত দুই দিন ঘুরেছি উখিয়া আর টেকনাফের বিভিন্ন প্রান্তে, গতকাল একপর্যায়ে এসেছি টেকনাফের শাহপরীর দ্বীপ। এ স্থানসহ কয়েকটি দিক দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। জেনে বিস্মিত হই, শুধু এ পথে সোমবার (গতকাল) সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এসেছে ১ হাজার ২০০ রোহিঙ্গা। এরপর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আসে ছয় শতাধিক রোহিঙ্গা। এখন আসা রোহিঙ্গাদের বেশ কিছু পরিবারপ্রধানের সঙ্গে কথা বলেছি। সবাই জানালেন, অত্যাচার এখনো থামেনি। সেনাবাহিনী অবশ্য বলছে দেশত্যাগ না করতে। অন্যদিকে সংখ্যাগুরু সম্প্রদায়ের স্থানীয় লোকেরা হুমকি দিচ্ছে দেশ ছাড়তে। যুবক ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে রোহিঙ্গাদের দেশত্যাগ না করার জন্য তাদের সরকারের আহ্বানের আন্তরিকতার প্রমাণ মেলে না। দিনের পর দিন তারা হেঁটেছে। পাড়ি দিয়েছে বিপৎসংকুল নৌপথ। আজও (গতকাল) নৌকাডুবিতে মারা গেছে ১১ জন।

এভাবে আমাদের এ উপত্যকায় বেড়েই চলছে আগত রোহিঙ্গার সংখ্যা। আর তা সামাল দিতে বিরামহীন প্রচেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন, সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থা। তাদের সঙ্গে যোগ দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় ও দেশি-বিদেশি এনজিও। ত্রাণ কার্যক্রম কিছুটা আয়ত্তের মধ্যে এসেছে। তবে প্রাতিষ্ঠানিকীকরণ হয়নি এখনো। প্রকৃতপক্ষে এ বিশাল মানবিক বিপর্যয় সামাল দেওয়া সোজা কথা নয়। এটা বুঝেছি বিভিন্ন শিবিরসহ স্থাপনা ঘুরে। তবে রোহিঙ্গা আগমন অব্যাহত থাকায় এ সংকটের ব্যাপকতা নিয়ে বিচলিত হই।

আলী ইমাম মজুমদার : সাবেক মন্ত্রিপরিষদ সচিব।