রোহিঙ্গা সমস্যা এখন বিষফোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা পাচার, চোরাচালান, ডাকাতি, খুন, ধর্ষণসহ সব ধরনের অপরাধে রোহিঙ্গাদের সংশ্লিষ্টতার একাধিক প্রমাণ রয়েছে। তাদের অনুপ্রবেশ বন্ধ করতে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে হবে। রোহিঙ্গা সমস্যা এখন কক্সবাজার, বান্দরবানের পাশাপাশি চট্টগ্রাম নগরেরও প্রধান বিষফোড়ায় পরিণত হয়েছে।

‘সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে আলোচনা সভা’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান এসব কথা বলেন। গতকাল সোমবার সকালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার সদর সীমান্ত চৌকি-সংলগ্ন এজাহার কোম্পানি মাঠে এ সমাবেশ হয়।

অনুষ্ঠানে স্থানীয় লোকজন দেশের স্বার্থে মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার করে। যারা রোহিঙ্গাদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা জানান, অনৈতিক লাভের আশায় স্থানীয় ব্যক্তিদের মধ্যে কেউ কেউ রোহিঙ্গা নাগরিকদের অনুপ্রবেশে সহযোগিতা করছেন। স্থানীয় মানুষের এই মনোভাবের পরিবর্তন না এলে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা যাবে না।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, রোহিঙ্গাদের অবৈধভাবে বাংলাদেশের পাসপোর্ট সংগ্রহ করে বিদেশে গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে হবে।

সমাবেশে বক্তব্য দেন টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার, পৌর মেয়র হাজী মো. ইসলাম, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, টেকনাফ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ছৈয়দ হোসাইন, পৌরসভার নারী কাউন্সিলর দিলদার বেগম, কাউন্সিলর মো. একরামুল হক, টেকনাফ সদরে ইউপি সদস্য মো. হাম জালাল ও নারী সদস্য রানু আকতার প্রমুখ। সভা পরিচালনা করেন ৪২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী।