রোহিঙ্গা সমস্যা খতিয়ে দেখতে মার্কিন মিশন
রোহিঙ্গাদের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ শনিবার থেকে মিয়ানমার ও বাংলাদেশে একটি মিশন শুরু করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মিয়ানমারের রাখাইন প্রদেশে সাম্প্রতিক দাঙ্গার পর রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে মার্কিন উদ্বেগের প্রেক্ষাপটে এ মিশন পাঠানো হচ্ছে।ঢাকায় মার্কিন দূতাবাসের একটি সূত্র গতকাল শুক্রবার প্রথম আলোকে জানিয়েছে, গত জুনের জাতিগত সংঘাতের পর রাখাইন প্রদেশের রোহিঙ্গারা কেমন আছে, তা দেখতেই মার্কিন একটি প্রতিনিধিদল মিয়ানমার ও বাংলাদেশ সফর করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের চার জ্যেষ্ঠ কর্মকর্তা ৮ থেকে ১৩ সেপ্টেম্বর মিয়ানমার ও বাংলাদেশ সফর করবেন। মার্কিন এই প্রতিনিধিদল জাতিগত সংঘাতজনিত উত্তেজনা প্রশমনের পাশাপাশি দীর্ঘ মেয়াদে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা ও তাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা নিয়ে সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে। দূতাবাসের সূত্রটি জানিয়েছে, মিয়ানমার ও বাংলাদেশ সফররত মার্কিন প্রতিনিধিদলে রয়েছেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী জো ইয়ুন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিসিয়া আইরিস, জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কেলি ক্লিমেন্টস এবং গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিভাগের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যান বায়ের। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রে জানা গেছে, মার্কিন কর্মকর্তারা রাখাইন প্রদেশে আন্তর্জাতিক মানবিক সহায়তা-প্রক্রিয়ায় যুক্ত হওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তুতির বিষয়টি মিয়ানমারকে জানাবেন। অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীদের জীবনমানের উন্নয়ন ও মানবিক সহায়তায় বাংলাদেশকে সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়টি জানানো হবে বাংলাদেশ কর্তৃপক্ষকে। মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা দুই দেশের সরকারি কর্মকর্তা ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সাহায্য সংস্থার কর্মকর্তারা ছাড়াও এখানে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে কথা বলবেন। মার্কিন সূত্রে জানা গেছে, ওয়াশিংটন থেকে মার্কিন প্রতিনিধিদলটি আজ মিয়ানমারে পৌঁছানোর পর সরাসরি রাখাইন প্রদেশে যাবে। এরপর রাজধানী নেপিডো সফরের কথা রয়েছে তাদের। সেখানে দলটির সদস্যরা প্রেসিডেন্টের উপদেষ্টা এবং পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা ও সন্ত্রাসবাদ দমন অনু বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদলটি ১১ থেকে ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবে। এ সফরের সময় মার্কিন কর্মকর্তারা রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে কক্সবাজারের দুটি রোহিঙ্গা শরণার্থীশিবিরে যাবেন। প্রসঙ্গত, গত ১১ জুন রাখাইন প্রদেশে সাম্প্রদায়িক সংঘাত শুরু হলে অতীতের মতো এবারও বিপুলসংখ্যক রোহিঙ্গা আশ্রয়ের জন্য বাংলাদেশের দিকে ছুটে আসে। ১৯৭৮ ও ১৯৯১ সালে সরকারি হিসাবে আড়াই লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও এবারের সংঘাতের পর রোহিঙ্গাদের আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে সরকারের অবস্থান হচ্ছে, বাংলাদেশ শরণার্থী-সম্পর্কিত আন্তর্জাতিক কোনো চুক্তি সই করেনি। শুধু মানবিক কারণে অতীতে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। এ বিষয়ে জ্যেষ্ঠ এক সরকারি কর্মকর্তা বলেন, আরাকানের এবারের সংঘাতে রাষ্ট্রীয় নিপীড়নের বিষয়টি প্রমাণিত নয়। তা ছাড়া আশ্রয় পাওয়া রোহিঙ্গারা অতীতে বাংলাদেশের ভাবমূর্তির জন্য দেশে-বিদেশে সংকট তৈরি করেছে।