রোহিঙ্গা সমস্যা রাজনৈতিক, সামরিক পন্থায় সমাধান নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেনমার্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত মিখাইল হেমনিদ উইনটার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বৃহস্পতিবার ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা
ডেনমার্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত মিখাইল হেমনিদ উইনটার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বৃহস্পতিবার ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা

রোহিঙ্গা সমস্যাটি রাজনৈতিক এবং সামরিক পন্থায় এর সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার ডেনমার্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত মিখাইল হেমনিদ উইনটার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই সাক্ষাতের সময় শেখ হাসিনা এ মন্তব্য করেন। খবর বাসসের।
বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিং করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বৈঠকে তাঁরা বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয়ে আলোকপাত করেন। এমনকি মিয়ানমারের সাম্প্রতিক রোহিঙ্গা সমস্যাও তাঁদের আলোচনায় উঠে আসে। বৈঠকের শুরুতেই ডেনমার্ককে বাংলাদেশের একজন গর্বিত উন্নয়ন সহযোগী আখ্যায়িত করে ড্যানিশ রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে সবুজ জ্বালানি খাতে সহযোগিতার বিস্তর সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় রোহিঙ্গা সমস্যাটি রাজনৈতিক এবং সামরিক পন্থায় এর সমাধান সম্ভব নয় বলে উল্লেখ করেন। এ সময় রোহিঙ্গা ইস্যু মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত।মিখাইল হেমনিদ উইনটার বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার ঈপ্সিত লক্ষ্য অর্জনে অংশীদার হতে চায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি শরণার্থী সমস্যা সম্পর্কে ভালোভাবেই অবগত। কেননা ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁকেও দীর্ঘ ছয়টি বছর শরণার্থী হিসেবেই প্রবাসে কাটাতে হয়।

রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম চুক্তির উল্লেখ করে বলেন, এটা তৃতীয় কোনো পক্ষের সাহায্য ছাড়া মিয়ানমারকে স্থানীয় পর্যায়েই সমাধান করতে হবে। চুক্তির ফলে ১৯৯৭ সালে সে সময় বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করেছিল।
পার্বত্য চট্টগ্রামে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের জনগণ এখন অন্যান্য সব সুবিধার সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ এবং ইন্টারনেট সুবিধা ভোগ করছে। এ সময় প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁর সরকারের ‘জিরো টলারেন্স নীতি’ পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী ডেনিশ উদ্যোক্তাদের এ দেশের কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, সারা দেশে তাঁর সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। যে এলাকায় যে ধরনের শিল্পের উপযোগ আছে, সেখানে সেসব শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কৃষিজমি বাঁচিয়ে শিল্প প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট এলাকা ঠিক করা হয়েছে। দেশের উন্নয়নে সরকারের প্রধান লক্ষ্য পল্লি উন্নয়ন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ জন্যই তৃণমূল পর্যায় থেকে দেশের উন্নয়নে তাঁর সরকার নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দায়িত্ব পালনের সময়ে ডেনিশ রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় সব রকম সহযোগিতা প্রদান করা হবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

এ সময় ১০ থেকে ১২ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় নবম ‘গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন’ এবং উন্নয়ন সম্মেলন আয়োজনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ডেনিশ রাষ্ট্রদূত।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।