রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ দরকার বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞ, কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা। গতকাল রাজধানীতে ‘রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা সমাধানের পথ’ শীর্ষক এক জাতীয় পরামর্শ সভায় তাঁরা এই অভিমত দেন।জাতিসংঘের উদ্বাস্তুসংক্রান্ত কমিশনের (ইউএনএইচসিআর) সহযোগিতায় এ সভার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। কয়েকজন বক্তা অভিযোগ করেন, রোহিঙ্গা সমস্যা সৃষ্টিতে বাংলাদেশের কোনো ভূমিকা না থাকলেও এ দেশেরই বেশি ভোগান্তি হচ্ছে। কিন্তু সমস্যা তৈরি করেছে যে মিয়ানমার, তাদেরকে চাপ দিচ্ছে না আন্তর্জাতিক মহল। রোহিঙ্গা সমস্যার ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা করেন সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান। তিনি বলেন, মিয়ানমারের সরকার প্রচারণা চালাচ্ছে, রোহিঙ্গারা সে দেশের নাগরিক নয়। কিন্তু ১৯৪০-এর দশকেও মিয়ানমারে দুজন রোহিঙ্গা সংসদ সদস্য ছিলেন। এই সমস্যা সমাধানে দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টা দরকার বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাকির হোসেন রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে অবহেলিত সংখ্যালঘু হিসেবে অ্যাখায়িত করেন। মানবাধিকারের নীতিমালাগুলো মেনে চলতে বাধ্য করার জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক মহলকে চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে মিয়ানমারের মানবাধিকার কমিশনের সঙ্গে অনেকবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি বলে সভায় জানান মিজানুর রহমান। তিনি উদ্বাস্তুসংক্রান্ত আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। মিজানুর রহমান বলেন, এক পক্ষ মানবাধিকারের বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বলে, আরেক পক্ষ দেশের সব খারাপের মূলে রোহিঙ্গারা রয়েছে মনে করে আশ্রয় দেওয়ার বিরোধিতা করে। এ বিষয়ে একটি যৌক্তিক অবস্থান নিতে হবে।রোহিঙ্গা সমস্যা মানবিকভাবে সমাধানের আহ্বান জানান সভার আলোচক বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রধান ক্রেগ স্যান্ডারস। তিনি বলেন, ‘রোহিঙ্গারা ক্যানসার নয়, তারা মানুষ। তাদেরকে বোঝা হিসেবে না দেখে উৎপাদনশীল সত্তা হিসেবে দেখতে হবে।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামালউদ্দিন বলেন, দুটি শরণার্থী শিবিরে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা থাকলেও কক্সবাজার ও বান্দরবান জেলায় দুই লাখ থেকে পাঁচ লাখ রোহিঙ্গা রয়েছে। এসব অঞ্চলের পরিবেশগত, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা সৃষ্টিতে রোহিঙ্গাদের একটা ভূমিকা রয়েছে।রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের নিরাপত্তার জন্যও একটি উদ্বেগের কারণ বলে মন্তব্য করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজীর আহমেদ। সভায় আরও বক্তব্য দেন তথ্য অধিকার কমিশনের সদস্য সাদেকা হালিম, মানবাধিকার কমিশনের কাজী রেজাউল হক। মুক্ত আলোচনায় অংশ নেন অধ্যাপক সি আর আবরার, অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ প্রমুখ।