ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে পরিকল্পনামন্ত্রী
রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতকে উদ্যোগ গ্রহণের আহ্বান
রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে কার্যকরী চাপ প্রয়োগের জন্য ভারতকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দীর্ঘমেয়াদি এই সমস্যা সমাধানে দ্রুত শর্তহীন প্রত্যাবর্তন নিশ্চিত করতেই এই আহ্বান জানান তিনি।
গত সোমবার সন্ধ্যায় ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠক হয়। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সমস্যাটিও আলোচনায় আসে। হ্যানয়ে দুদিনব্যাপী ভারতীয় মহাসাগর সম্মেলনে অংশ নিচ্ছেন তাঁরা। আজ মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ ছাড়া বাণিজ্য সম্প্রসারণে অশুল্ক বাধা দূর করার জন্যও ভারতের প্রতি আহ্বান জানান আ হ ম মুস্তফা কামাল। তিনি মনে করেন, অশুল্ক বাধার কারণে বাংলাদেশের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যকার চার দেশীয় পরিবহন নেটওয়ার্ক, যা বিবিআইএন নামে পরিচিত। এই বিবিআইএনের সাম্প্রতিক সাফল্যের কথা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, বিবিআইএনভুক্ত দেশগুলোর অর্থনীতিতে নবধারার সঞ্চার করে পারস্পরিক সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। চার দেশীয় পরিবহন নেটওয়ার্ক গঠনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে অভিন্ন পরিবহন নেটওয়ার্ক। উপ-আঞ্চলিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করতে বিবিআইএন যান চলাচল চুক্তি বাস্তবায়নের মাধ্যমে নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে।
পরিকল্পনামন্ত্রী আরও জানান, বিনিয়োগের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য এক হাজার একর জমি বরাদ্দ করা হয়েছে এবং মোংলা ও ভেড়ামারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নের কাজ শুরু হবে। তৃতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় ৪৫০ কোটি ডলারের ঋণে ভারতের সঙ্গে বিদ্যুৎ, রেলপথ, সড়ক, জাহাজ চলাচল, বন্দরসহ অবকাঠামো খাতে ১৭টি অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বাংলাদেশ যেকোনো ধরনের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের নিন্দা জানায় এবং এ ক্ষেত্রে বাংলাদেশ শূন্যসহিষ্ণুতা নীতি অনুসরণ করে। যেকোনো ধরনের ব্যক্তি বা দলের সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ডের বাংলাদেশের মাটিতে ঠাঁই নেই, সেটা যেকোনো দেশ বা ব্যক্তির বিরুদ্ধেই হোক না কেন।
এর আগে সোমবার একই হোটেলে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সঙ্গে বৈঠক করেন পরিকল্পনামন্ত্রী। বৈঠকে তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নের তাগিদ দেন। এতে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য কয়েক গুণ বাড়বে বলে পরিকল্পনামন্ত্রী মনে করেন।