মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি তাঁর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যা সমাধানে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।
গত সোমবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সময় সু চি এই সহযোগিতা চান। তাঁরা দুজন আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সব বিষয় সমাধানে সম্মত হয়েছেন।
নিউইয়র্ক থেকে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
গতকাল থেকে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মিয়ানমারের স্টেট কাউন্সিলর এখন নিউইয়র্ক সফর করছেন।
পররাষ্ট্রসচিব বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশ মিয়ানমার সরকার অনুসরণ করবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উল্লেখ করেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তাঁকে বলেন, দুই দেশের এ জন্য একসঙ্গে কাজ করা উচিত।
এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে বাসস জানায়, প্রতিবেশী দেশের দুই নেতা আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় বিষয় সমাধানে রাজি হয়েছেন।
শেখ হাসিনা সন্ত্রাসের বিরুদ্ধে ‘নূন্যতম ছাড় না দেওয়ার’ নীতি পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশের মাটিতে কখনো কোনো দেশের সন্ত্রাসী কার্যক্রম সহ্য করা হবে না। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে কার্যকর সহযোগিতার ব্যাপারে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রধানমন্ত্রী মিয়ানমারের স্টেট কাউন্সিলরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি সানন্দে তা গ্রহণ করেন।