বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘গত ১০ বছরে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থার তেমন পরিবর্তন হয়নি। দুই দিন এখানকার শিবির পরিদর্শন করে এ চিত্র নজরে পড়েছে। রোহিঙ্গা সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য কার্যক্রম চলছে। আশা করছি, রোহিঙ্গারা স্বাধীনভাবে স্বদেশে (মিয়ানমার) ফিরে যেতে পারবে।’গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় কক্সবাজারের মিয়ানমার সীমান্ত উপজেলা টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আগেরদিন বুধবার বিকেলে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করে রাত যাপনের জন্য টেকনাফে যান। তাঁর সঙ্গে রয়েছেন ওয়াশিংটন থেকে আসা সফরকারী দলের দুই সদস্য গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিভাগের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যান বায়ের এবং জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কেলি ক্লিমেন্টস।ড্যান মজীনা বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা যেমন কঠিন পরিস্থিতি মোকাবিলা করছে, তেমনি স্থানীয় (কক্সবাজারের) বাসিন্দাদেরও নানা চাপ এবং দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। এর একটা স্থায়ী সমাধান বের করার চেষ্টা চলছে। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনবিষয়ক হাইকমিশনার ফিরোজ সালাহ উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মো. নুরুল বাসির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবদুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আক্তার, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামশুল ইসলাম। দুপুরে বিমানযোগে মার্কিন প্রতিনিধিদল ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করে।