রোহিঙ্গা সমস্যা সমাধানের দায়িত্ব মিয়ানমারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে নতুন করে মিয়ানমার থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে গতকাল কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (সামনের সারিতে বাঁ থেকে দ্বিতীয়), ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসু​িদ (বাঁ থেকে তৃতীয়) এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (ডানে) l প্রথম আলো
কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে নতুন করে মিয়ানমার থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে গতকাল কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (সামনের সারিতে বাঁ থেকে দ্বিতীয়), ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসু​িদ (বাঁ থেকে তৃতীয়) এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (ডানে) l প্রথম আলো

রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের সমস্যা সমাধানে মিয়ানমারের দায়িত্ব নেওয়া উচিত বলে মনে করে ইন্দোনেশিয়া। কারণ, রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসার পর যে মানবিক সংকটের শুরু, এর উৎস মিয়ানমারেই। কাজেই মিয়ানমারকে রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানের দায়িত্ব নিতে হবে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি গতকাল মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের একটি নিবন্ধিত শরণার্থী শিবির এবং একটি অস্থায়ী শিবির পরিদর্শনের পর এ মন্তব্য করেন।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরমানানথা নাসিরকে উদ্ধৃত করে গতকাল দেশটির জাতীয় দৈনিক কম্পাস এ খবর জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, রেতনো মারসুদি গতকাল সকালে উখিয়া যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ঢাকায় বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে একান্তে প্রায় ৪০ মিনিট আলোচনা করেন। এরপর তাঁরা কক্সবাজার যান। এ সময় তাঁদের সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং এ সফর নিয়ে গত রাত পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বিজ্ঞপ্তি প্রচার করা হয়নি। সাধারণত এ ধরনের সফরের সময় মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রচার করে থাকে।

তবে কূটনৈতিক সূত্রগুলোতে যোগাযোগ করে জানা গেছে, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির সঙ্গে আসিয়ান মন্ত্রীদের আলোচনায় অংশ নেওয়ার পর রেতনো মারসুদি বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশে এসে রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখার পাশাপাশি এ সমস্যার সমাধান নিয়ে মাহমুদ আলীর সঙ্গে কথা বলেন। বিশেষ করে সমস্যা সমাধানে মিয়ানমারের সঙ্গে কাজ করা এবং এক বছর আগে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সীমাবদ্ধতা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রেতনো মারসুদি কথা বলেছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রেতনো মারসুদির উখিয়া সফরের পর এ নিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) আলাদা বিজ্ঞপ্তি দিয়েছে। এগুলোতে বলা হয়েছে, গত অক্টোবরে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নৃশংস অভিযান শুরুর পর এ পর্যন্ত রাখাইন রাজ্য থেকে প্রায় ৩৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে।

গতকাল দুপুর ১২টার পর রেতনো মারসুদিকে নিয়ে কুতুপালং রোহিঙ্গা শিবিরে যান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন আইওএমের বাংলাদেশ মিশন প্রধান শরৎ দাশ ও ইউএনএইচসিআরের এদেশীয় প্রতিনিধি শিনজি কুবো। তাঁরা শিবিরের ভারপ্রাপ্ত কর্মকর্তার দপ্তরে মিয়ানমার থেকে পালিয়ে আসা ২০ জন রোহিঙ্গা নারী ও পুরুষের কথা শোনেন। এরপর তাঁরা সরেজমিন রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। তাঁরা হেঁটে হেঁটে দেড় ঘণ্টায় অন্তত ৫০ জন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। রোহিঙ্গারা রাখাইন রাজ্যে সেনা ও পুলিশের দমন-পীড়নের ভয়াবহ কাহিনি তুলে ধরে নিরাপদে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার দাবি জানান। তবে মন্ত্রীরা রোহিঙ্গাদের কোনো প্রশ্নের জবাব দেননি।

ইন্দোনেশিয়ার পত্রিকা কম্পাস-এর খবরে বলা হয়েছে, মিয়ানমার থেকে কীভাবে বাংলাদেশে ঢুকে পড়লেন তা রোহিঙ্গা নারী-পুরুষদের মুখ থেকে শোনেন রেতনো মারসুদি। বিশেষ করে তাঁদের যাত্রাপথের বর্ণনা ও জন্মভূমি ছাড়ার কারণ তিনি জেনেছেন। রোহিঙ্গাদের বর্ণনা শুনে তিনি রাখাইন রাজ্যের সমস্যার জটিলতা বুঝতে পারেন।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরমানাথা নাসিরকে উদ্ধৃত করে পত্রিকাটির খবরে বলা হয়েছে, কুতুপালংয়ের শিবিরে যে কারণেই আসুক না কেন, অত্যন্ত মানবেতরভাবে রোহিঙ্গাদের দিনযাপন করতে হচ্ছে। তাই দুর্দশা কমাতে সবাইকে জোরালোভাবে চেষ্টা চালাতে হবে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শরণার্থী সমস্যা সমাধানের জন্য ভাগ্যবিড়ম্বিত লোকজনের জন্মভূমি মিয়ানমারকে দায়িত্ব নেওয়া উচিত বলে মত দেন। রাখাইনের সব পক্ষকে নিয়ে সমস্যা সমাধানের জন্য তিনি সমর্থন অব্যাহত রাখার কথাও বলেন। রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকা ও ইয়াঙ্গুনের মধ্যে যোগাযোগ, সমন্বয় ও সুসম্পর্ক অব্যাহত রাখার ওপর জোর দেন।