রোহিঙ্গা সমস্যা স্থায়ী সমাধানে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গাদের ফেরত পাঠালে তারা যেন আর বাংলাদেশে না আসতে পারে, তার ব্যবস্থা করবে সরকার। রোহিঙ্গা সমস্যা স্থায়ীভাবে সমাধানে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শিগগিরই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

আজ রোববার শরীয়তপুরে জঙ্গিবাদবিরোধী ওলামা-মাশায়েখ সমাবেশে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আমি ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মিয়ানমারে গিয়েছিলাম। আলাপ-আলোচনার মাধ্যমে ১০টি বিষয়ের ওপর একমত হয়ে একটি চুক্তি করেছিলাম। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও মিয়ানমারের এমন একটি চুক্তি হয়েছে। বিশ্বনেতারাও চাচ্ছেন রোহিঙ্গাদের যাতে দ্রুত ফিরিয়ে নেওয়া হয়।

রোহিঙ্গাদের কবে নাগাদ ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হবে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি একটি জটিল প্রক্রিয়া। আমরা তাদের নিবন্ধন করছি। তারা কোথা থেকে এসেছে তা জানতে হবে। একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হচ্ছে। সেখানে দুই দেশের সমানসংখ্যক প্রতিনিধি থাকবেন।’ তিনি বলেন, রোহিঙ্গারা ১৯৭৮, ১৯৯২, ২০১৬ সালেও বাংলাদেশে এসেছে। তারা যাতে আর না আসতে পারে, তার জন্য কফি আনান কমিশনের সুপারিশ অনুসরণ করার অনুরোধ করা হবে। এ প্রক্রিয়াগুলো সঠিকভাবে না হলে রোহিঙ্গারা আবার চলে আসবে।

শরীয়তপুরে জঙ্গিবাদবিরোধী ওলামা-মাশায়েখ সমাবেশে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: ভিডিও থেকে নেওয়া
শরীয়তপুরে জঙ্গিবাদবিরোধী ওলামা-মাশায়েখ সমাবেশে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: ভিডিও থেকে নেওয়া

সমাবেশে প্রধান আলোচক পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, ‘ইসলামিক স্টেট (আইএস) কোথায় অস্ত্র পায়, কোথা থেকে টাকা পায়। তারা আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে।’ তিনি বলেন, আপনার কেন আইএসের ষড়যন্ত্রে পা দেবেন। মানুষকে ভুল বুঝিয়ে জঙ্গিবাদে উৎসাহিত করা হচ্ছে। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কেউ যাতে জঙ্গিবাদ উৎসাহিত করতে না পারে, সেদিকে আলেম ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানান আইজিপি।

স্থানীয় পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ওলামা-মাশায়েখ ফোরাম জঙ্গিবাদবিরোধী ওলামা-মাশায়েখ সমাবেশ আয়োজন করে। সমাবেশে শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সাংসদ নাভানা আক্তার, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভোজেশ্বর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শওকত আলী, আংগারিয়া ওসমানিয়া মাদ্রাসার শিক্ষক আবু বকর প্রমুখ।