রোহিঙ্গা সমস্যার দ্বিপক্ষীয় সমাধানের পক্ষে চীন
রোহিঙ্গা সমস্যা মিটিয়ে ফেলতে প্রতিবেশী মিয়ানমারকে সঙ্গে নিয়ে আলোচনায় বসার পক্ষে মত দিয়েছে চীন। এ নিয়ে বাংলাদেশের বক্তব্য হচ্ছে, দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সব সময় মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে। কিন্তু সব সময় এ নিয়ে গড়িমসি করেছে মিয়ানমার।
আজ মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক বিশেষ দূত সান গোশিয়াংয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশ এ অভিমত দিয়েছে।
চীনের বিশেষ দূত সান গোশিয়াং আজ সকালে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে আলোচনা করেন। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া এবং জাতিসংঘ অনু বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশের মনোভাব জানতে সান গোশিয়াং গত সোমবার চার দিনের সফরে ঢাকায় আসেন।
বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চীনের বিশেষ দূত রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে আলোচনার কথা বলেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, গত অক্টোবরে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সশস্ত্র বাহিনীর অভিযান শুরুর পর থেকেই মিয়ানমারকে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছে। এতে সাড়া দেয়নি মিয়ানমার। বরং সময়ক্ষেপণ করেছে। মিয়ানমার জাতিসংঘে অনেক দেশকে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে চিঠি লিখেছে এবং সে চিঠি বাংলাদেশের হাতে আছে।
চীনের দূতকে বাংলাদেশের পক্ষ থেকে এটাও বলা হয়েছে, রাখাইনে গোলযোগ শুরুর কাছাকাছি সময়ে চীন সীমান্তে সংঘাত শুরু হলে দুই দিনের মধ্যে মিয়ানমার বৈঠক করেছে চীনের সঙ্গে।
গত অক্টোবরের ৯ তারিখের পর থেকে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর হামলার কারণে ৭০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন। এ ছাড়া আগে থেকেই তিন লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে বাস করছেন।
চীনের বিশেষ দূতকে জানানো হয়েছে, গত জানুয়ারিতে মিয়ানমারের বিশেষ দূত ঢাকায় এলে নতুন করে বাংলাদেশে আসা ৭০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরুর প্রস্তাব দেওয়া হয়। মিয়ানমারের ওই সব লোকজন কেন নিজের ভূখণ্ড ছেড়ে বাংলাদেশে চলে আসে তা চিহ্নিত করে সমস্যা সমাধান করতে বলা হয়। বাংলাদেশ মনে করে, রোহিঙ্গাদের শুধু ফেরত পাঠিয়ে সমস্যার সমাধান নয়। সমস্যার মূলে গিয়ে অর্থাৎ তাঁদের নাগরিকত্ব নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে হবে, তা না হলে ওই সব লোকজন আবার বাংলাদেশে চলে আসবে। বাংলাদেশের স্পষ্ট বক্তব্য হচ্ছে, বাংলাদেশে আসা মিয়ানমারের নাগরিকদের সে দেশে ফিরিয়ে নিতে হবে।
প্যাংলং কনফারেন্স নামে পরিচিত মিয়ানমারের শান্তিপ্রক্রিয়ার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের কথা বলেন চীনের বিশেষ দূত। এ সময় বাংলাদেশ জানায়, ওই প্রক্রিয়ায় রোহিঙ্গাদের যুক্ত করা হয়নি। তাই প্যাংলং কনফারেন্স কতটা ভূমিকা রাখতে পারবে, সে ব্যাপারে বাংলাদেশ সন্দিহান।
জানা গেছে, রোহিঙ্গা পরিস্থিতি দেখতে চীনের বিশেষ দূতকে কক্সবাজার যাওয়ার অনুরোধ জানানো হয়। তবে এ ব্যাপারে তিনি কিছু জানাননি।