রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন

বর্তমান বিশ্বে শরণার্থী সমস্যা একটি বড় সমস্যা। এই সমস্যা এখন পৃথিবীর অনেক দেশকেই ভাবিয়ে তুলছে। শরণার্থী সমস্যার অন্যতম উদাহরণ রোহিঙ্গা সমস্যা। এটি এখন বাংলাদেশ-মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয়ে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। বাংলাদেশের উচিত ভারত-চীনের সহায়তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করে এর একটি সমাধান করা।
বিশ্ব শরণার্থী দিবস ২০১৮ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘নাইন্টিন সেভেন্টি ওয়ান রিফিউজি এক্সপেরিয়েন্স: রিফ্লেকশন অব পাস্ট অ্যান্ড প্রেজেন্ট’ শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও মুক্তিযুদ্ধ জাদুঘর। অনুষ্ঠানে ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রতিনিধি অ্যান্ড্রো মোগোরি স্বাগত বক্তব্য দেন।
১৯৭১ সালে অক্সফামের সংগঠক জুলিয়ান ফ্রান্সিস সেমিনারে শরণার্থী সমস্যার সময় মানবিক সহায়তার বিষয় নিয়ে আলোচনা করেন। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের চালানো নির্যাতনের সময় যারা গৃহহীন হয়েছেন, এমন নারী-শিশুদের সমস্যা নিয়ে কথা বলেন বেসরকারি সংস্থা রিইবের নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা কথা বলেন।
এরপর মুক্তিযুদ্ধ জাদুঘরের সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। উপস্থাপনায় কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে চালানো গবেষণার ফল, পদ্ধতি, সংকট এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ১৯৭১ সালের সঙ্গে রোহিঙ্গা সমস্যার মিল খোঁজা ঠিক হবে না। তখন বাংলাদেশের সমস্যা আর এখন মিয়ানমারের রোহিঙ্গাদের সমস্যা এক নয়। বাংলাদেশের মানুষ শরণার্থী হয়েছে একবার। মিয়ানমারের রোহিঙ্গারা দীর্ঘদিন থেকে শরণার্থী। সারা বিশ্বে তাদের লোকজন ছড়িয়ে। তাদের নাগরিকত্ব নেই। এসব সমস্যার একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। রোহিঙ্গারা যদি মিয়ানমারে ফিরেও যায়, তবুও এই সমস্যার সমাধান হয়ে যায় না। মানবতাবিরোধী অপরাধ, জেনোসাইড এবং জাতিগত নির্মূলের মতো ঘটনার বিচার হওয়া প্রয়োজন। তিনি বলেন, এ কারণে বাংলাদেশ সরকারের উচিত মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করা। প্রয়োজনে ভারত-চীনকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি নিয়ে কাজ করা।
সমাপনী বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব জিয়াউদ্দিন তারিক আলী বলেন, বাংলাদেশের মানুষ এবং সমাজকর্মীরা যেভাবে রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করেছে, এ জন্য তাদের প্রশংসা করা উচিত। ধর্মীয় বিশ্বাসের কারণে রোহিঙ্গাদের তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে মিয়ানমার। কিন্তু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এই ঘটনার প্রতিক্রিয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।