রোহিঙ্গা সমস্যাসহ নানা বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা উদ্বাস্তু প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেছেন।গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর হোটেল স্যুটে তাঁর সঙ্গে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ইউ ওয়ান্না মং লুইনের বৈঠকের সময় অন্যান্য বিষয়ের সঙ্গে এটিও স্থান পায়। খবর বাসসের।এর আগে তিন দিনের সরকারি সফরে গতকাল বিকেলে মিয়ানমারের নতুন রাজধানী নেপিডোতে পৌঁছেন। স্থানীয় সময় বিকেল চারটা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ বিমান নেপিডো বিমানবন্দরে অবতরণ করে।পররাষ্ট্রমন্ত্রী ইউ ওয়ান্না মং লুইন এবং বাংলাদেশের রাষ্ট্রদূত অনুপ কুমার চাকমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী মিয়াট তাও উইন হোটেলে যান। হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠককালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।প্রধানমন্ত্রী মিয়ানমারের সঙ্গে বিমান ও সড়কপথে যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে মিয়ানমার থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানির আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের উদ্যোক্তারা ঢাকার উদার বিনিয়োগ নীতিমালার সুযোগ গ্রহণ করতে পারেন এবং বাংলাদেশ থেকে উন্নতমানের পাট, সিরামিক, গার্মেন্টস, নিটওয়্যার ও ওষুধ আমদানি করতে পারে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, মুখ্যসচিব শেখ এম ওয়াহিদউজ্জামান, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।সীমান্তবাণিজ্য জোরদার করার আহ্বান: রাতে একটি হোটেলে ইউনিয়ন অব মায়ানমার ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ইউএমএফসিসিআই) উদ্যোগে আয়োজিত এক নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি মিয়ানমারের সঙ্গে পুরোনো সীমান্তবাণিজ্য জোরদার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশটির সঙ্গে এক নতুন যুগের সূচনা করার আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মূল্যবোধ, সংস্কৃতি, ইতিহাস ও প্রাচীন বাণিজ্যের ভিত্তিতে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। দুই দেশের মধ্যে বাণিজ্য জোরদার করা এখন উভয় দেশেরই নতুন দাবি।প্রধানমন্ত্রী পারস্পরিক সমৃদ্ধি অর্জনে সহযোগিতার জন্য সড়ক, রেল, নৌ ও বিমান যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্য সম্পর্ককে আরও জোরদার করতে হবে।এতে অন্যান্যের মধ্যে ইউএমএফসিসিআই সভাপতি উ উইন অং, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ এবং মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত অনুপ কুমার চাকমা বক্তৃতা করেন। এতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।