রোহিঙ্গা হত্যা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, গণহত্যা, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে গতকাল বিকেলে যশোর শহরের চিত্রা মোড়ে মানববন্ধন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট l প্রথম আলো
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, গণহত্যা, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে গতকাল বিকেলে যশোর শহরের চিত্রা মোড়ে মানববন্ধন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট l প্রথম আলো

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতন শিগগির বন্ধের দাবিতে গতকাল রোববার দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

‘রোহিঙ্গাদের বাঁচাও, বিশ্ব বিবেক জাগাও’ স্লোগান সামনে রেখে গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখা। শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বিকেল সাড়ে চারটা থেকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি ইসরাইল সেন্টু, সাবেক সভাপতি এ বি এম সাইদুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক আবু হাসিব প্রমুখ।

বক্তারা বলেন, রাখাইন রাজ্যে নিরস্ত্র রোহিঙ্গা নারী, শিশুসহ সাধারণ মানুষের ওপর যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে সে দেশের সেনাবাহিনী, তা বর্বরতার সীমা ছাড়িয়েছে। এই গণহত্যা বন্ধে মিয়ানমারকে বাধ্য করতে হবে। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেন। এতে বক্তব্য দেন উপাচার্য মো. আলাউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ শাহীন উদ্দিন প্রমুখ। বেলা ১১টার দিকে নড়াইল আদালত সড়কে মানববন্ধন করে বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা শাখা। এতে বক্তব্য দেন কমিশনের জেলা সভাপতি শরীফ হুমায়ূন কবির, পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।

‘মিয়ানমারে গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসী দাঁড়াও রুখে’ স্লোগান সামনে রেখে বিকেল পাঁচটার দিকে রাজবাড়ী শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে সমাবেশ করা হয়। সিপিবির জেলা কমিটি এই কর্মসূচি পালন করে।

দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লার তিতাস উপজেলা দলিল লেখক সমিতি। দুপুরে উপজেলা পরিষদসংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এই কর্মসূচি পালিত হয়। পরে প্রতিবাদ সভা হয়।

সকাল ১০টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনে রোহিঙ্গা নির্যাতন প্রতিরোধ কমিটি দিনাজপুরের ব্যানারে মানববন্ধন করা হয়। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা বাজারে গুল্টা ভলান্টিয়ার্স ফোরাম নামের একটি সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লা এবং টাঙ্গাইল, নড়াইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ প্রতিনিধি ও দিনাজপুর সংবাদদাতা]