রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না
মিয়ানমার থেকে প্রতিদিন ২০-৩০ জন রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট দিয়ে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) মাঝেমধ্যে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের আটক করে মিয়ানমারে ফেরত পাঠায় (পুশব্যাক)। কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছে না। কারণ রোহিঙ্গারা পথ পরিবর্তন করে পরে আবারও অনুপ্রবেশ করছে।অনুপ্রবেশকারী রোহিঙ্গারা জানায়, সে দেশের সামরিক জান্তা মুসলিমদের (পুরুষ) সেনা ব্যারাকে ধরে নিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, পাহাড়ে জুমচাষ, ধান কাটা, বনের গাছ কাটা ও সেনা ব্যারাকে খাদ্য সরবরাহের কাজ করাচ্ছে। এতে কোনো পারিশ্রমিকও দেওয়া হয় না, বরং নানাভাবে নির্যাতন করা হয়।টেকনাফের জালিয়াপাড়ায় এলাকা দিয়ে অনুপ্রবেশকারী মিয়ানমারের মংডু শহরের মেরুল্যা ও মগনিপাড়ার আব্দুল জলিল (৫০), খলিলুর রহমান (৪২), ফাতেমা বেগম (৪০) ও মায়মুনা খাতুন (৩২) জানান, সামরিক জান্তা তাঁদের ঘরবাড়ি ও স্কুলমাঠ দখল করে বসবাস করছে। সেখানকার মুসলিম জমিদারদের চাষাবাদে জমি দখল করে নেওয়ায় হাজার হাজার রোহিঙ্গা বেকার হচ্ছেন। আর বাংলাদেশে এলে সরকারিভাবে খাদ্যদ্রব্যসহ কাপড়চোপড় পাওয়া যাচ্ছে—এমন সংবাদও এখানে আসতে তাঁদের উৎসাহিত করেছে। তাঁরা আরও জানান, অনেক সময় বিডিআর আটক করে পুশব্যাক করলেও সারা রাত নদীতে থেকে সুযোগ বুঝে অন্য এলাকা দিয়ে অনুপ্রবেশ করেন।মিয়ানমারের মংডু শহরের হাসরুরাতা গ্রামের বাসিন্দা রশিদ আহমদ (৪৮) জানান, দীর্ঘ ১৭ বছর আগে পরিবারের আট সদস্য তাঁকে ফেলে বাংলাদেশে চলে আসেন। তাঁরা বর্তমানে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছেন। তাঁদের দেখতে মিয়ানমার থেকে এক দিনের ট্রানজিট পাস নিয়ে এসেছেন তিনি। তিনি বলেন, যাদের এখান থেকে পুশব্যাক করা হয়, তারা কখনোই মিয়ানমারের ফিরে যায় না। কোনো না কোনোভাবে অনুপ্রবেশ করে।অনুসন্ধানে জানা যায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের মেম্বারপাড়া, নাটমোরাপাড়া, চৌধুরীপাড়া, লেদা, জাদিমুরা, দমদমিয়া, ওয়াবরাং, মৌলভীবাজার, হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার, কানজরপাড়া, মিনাবাজার, ঝিমংখালী, লম্বা বিল, উলুবনিয়া, টেকনাফের কেরুনতলি, নাইট্যংপাড়া, জালিয়াপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া, সাবরাং ইউনিয়নের নয়াপাড়া, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া, বাজারপাড়া, মিস্ত্রিপাড়া সীমান্ত দিয়ে প্রতিদিন রোহিঙ্গারা অনুপ্রবেশ করে।রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হক জানান, দলে দলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় তাঁরা আতঙ্কিত। টেকনাফ স্থলবন্দরের মালামাল উঠানো-নামানোসহ পুরো শ্রমবাজার দখল করছে রোহিঙ্গারা। টেকনাফ উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ বাঙ্গালী জানান, গত তিন মাসে তাঁর ইউনিয়নে বিভিন্ন গ্রামের ভাড়া বাসা ও পাহাড়ি এলাকায় তিন শতাধিক রোহিঙ্গা ঢুকে পড়েছে। তাদের কারণে সামাজিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন।৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিডিআরের টহল জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, প্রতি মাসে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় জনপ্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।