রোহিঙ্গাদের আরও ৮ নৌকা ফেরত পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার সেনাবাহিনীর সহিংস নির্যাতনের শিকার হয়ে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আরও আটটি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের নৌকাগুলো ফেরত পাঠানো হয়।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানিয়েছেন, টেকনাফ উপজেলার নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বহনকারী আটটি নৌকার প্রতিটিতে ১২ থেকে ১৫ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষ ছিলেন। বিজিবির সদস্যদের বাধার মুখে নৌকাগুলো মিয়ানমারে ফিরে যেতে বাধ্য হয়েছে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, গত ১ নভেম্বর থেকে গতকাল মঙ্গলবার ৬ ডিসেম্বর পর্যন্ত টেকনাফের আনোয়ার মৎস্য খামার, ২ নম্বর স্লুইসগেট, ৬ নম্বর স্লুইসগেট, ৭ নম্বর স্লুইসগেট, লম্বাবিল, তুলাতলি, লম্বাবিল হাউসের দিয়া, কাটাখালী, উলুবনিয়া, ঝিমংখালী, ওয়াব্রাং, লেদা, মোচনি, দমদমিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে ২২২টি নৌকায় ২ হাজার ২৫০ জন রোহিঙ্গাকে প্রতিহত করা হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তার দায়ে ১৩ জন দালালকে আটক করে পুলিশে সোপর্দ করা হলে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।