রোহিঙ্গাদের আশ্রয় দিলে শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে প্রতিদিন আসা অবৈধ অনুপ্রবেশকারীদের তালিকা করে ফেরত পাঠাতে একটি কৌশলপত্র তৈরি করেছে সরকার। তাতে যারা অনুপ্রবেশকারীদের পাসপোর্টসহ অন্য সনদ ইস্যু করবে, কর্মসংস্থান ও আশ্রয় দেবে, তাদের জন্যও শাস্তির প্রস্তাব করা হয়েছে। এর জন্য প্রয়োজনে প্রচলিত আইন ও বিধি সংশোধন বা নতুন আইন করার সুপারিশ করা হয়েছে।
আজ সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ কৌশলপত্র অনুমোদনের জন্য উত্থাপন করা হতে পারে।
গত ১৭-১৮ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির তিন সদস্যের একটি প্রতিনিধিদল পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ ও রামু উপজেলা সফর করেন। টেকনাফ উপজেলায় মিয়ানমারের নাগরিকদের সংখ্যা স্থানীয় অধিবাসীদের তুলনায় অনেক বেড়ে গেছে বলে কমিটি উদ্বেগ প্রকাশ করেছে।
কমিটির পর্যবেক্ষণে বলা হয়, বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থী এবং অবৈধ অনুপ্রবেশকারীর কারণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় আর্থসামাজিক, রাজনৈতিক, জনমিতিক, পরিবেশগত, মানবিক এবং জাতীয় নিরাপত্তাজনিত সমস্যার সৃষ্টি হচ্ছে। এরা অবৈধভাবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছে এবং বিভিন্ন অপরাধে যুক্ত হয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ‘কনভেনশন অন দ্য স্টাটার অব রিফিউজি’-এর স্বাক্ষরকারী দেশ না হয়েও ১৯৭৮ সালে প্রায় দুই লাখ এবং ১৯৯১ সালে প্রায় দুই লাখ ৫০ হাজার ৮৭৭ জন শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়। পরে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনের সহযোগিতায় প্রথম দফার প্রায় সবাইকে এবং দ্বিতীয় দফার প্রায় দুই লাখ ৩৬ হাজার ৫৯৯ জনকে ফেরত পাঠানো হয়।
মিয়ানমার সরকারের অনাগ্রহের কারণে ২০০৫ সালের পর থেকে প্রত্যাবাসন প্রায় বন্ধ হয়ে যায়। এখন দুটি শরণার্থী শিবির ও শিবিরের বাইরে প্রায় তিন থেকে পাঁচ লাখ মিয়ানমারের নাগরিক বসবাস করছে।
কমিটির এ সফরের পরে এ বিষয়ে একটি সমন্বিত কৌশলপত্র তৈরি করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, সংস্থার সঙ্গে একাধিক আন্তমন্ত্রণালয় বৈঠক করে। তার ভিত্তিতে স্বল্পমেয়াদি, দীর্ঘমেয়াদি এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রস্তাবিত সুপারিশ অনুমোদনের জন্য কৌশলপত্র তৈরি করা হয়।
কৌশলপত্রে অনুপ্রবেশকারীদের শনাক্ত ও সংখ্যা নির্ধারণের জন্য জরিপ করা এবং এসব ব্যক্তির বায়োমেট্রিক তথ্য পরিচিতি নিয়ে এদের একাধিক অস্থায়ী আশ্রয়ে রাখা এবং মিয়ানমারে ফেরত পাঠানোর কথা বলা হয়।
নিয়মিত অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সক্ষমতা বাড়ানো ও বর্ডার আউটপোস্ট (বিওপি) বাড়ানো, কাঁটাতারের বেড়া নির্মাণ ও নাফ নদীর তীরে ৫০ কিলোমিটার দীর্ঘ মোটর পেট্রোল চলাচলের উপযোগী বাঁধ নির্মাণের প্রস্তাবও করা হয়। কৌশলপত্রে বাকি শরণার্থীদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করতেও বলা হয়।