মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতন ও গুলির মুখে মিয়ানমার থেকে জীবন নিয়ে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি জয়নুল আবেদীন এ আহ্বান জানান।
সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি মো. ওয়াজি উল্লাহ, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সহসম্পাদক শফিকুল ইসলাম ও সদস্য শেখ তাহসিন আলী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘মিয়ানমারে আজ বিশ্বমানবতা ভূলুণ্ঠিত। শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারের নির্দেশে ও মদদে ঘটছে এই নারকীয় ঘটনা। এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’
লিখিত বক্তব্যে বাংলাদেশের সব নাগরিককে মিয়ানমারের নির্যাতিত সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি বিশ্ববাসীকেও রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।