রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দাবিতে হেফাজতে ইসলামের মিছিল সমাবেশ
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা ও নির্যাতন বন্ধ এবং তাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার দাবিতে চট্টগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামের একটি সংগঠন মিছিল সমাবেশ করেছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা জামে মসজিদ থেকে তারা মিছিল বের করে। পুলিশের নজরদারির মধ্যে তাদের কর্মসূচি শেষ হয়। গতকাল সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল মালেক হালিম। এতে বক্তব্য দেন ওই সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ও সংগঠনের নেতা মুফতি হারুন ইজহার, ইলিয়াস ওসমানি, মঈনুদ্দিন রুহি, আহসানুল্লাহ প্রমুখ। সমাবেশের পর একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ চলাকালে আন্দরকিল্লা ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রাস্তার ওপর সমাবেশের কারণে নগরের সিরাউদ্দৌলা রোড, মোমিন রোড ও লালদীঘি সংযোগ সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সমাবেশে বক্তারা পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও পররাষ্ট্রমন্ত্রী শরণার্থীদের আশ্রয় না দেওয়ার ঘোষণা দিয়েছেন। এটা এই সময়ের জঘন্য অপরাধ। তাঁর পদত্যাগ করা উচিত। জাতিসংঘ ও ওআইসির মাধ্যমে আন্তর্জাতিকভাবে মিয়ানমার সমস্যা সমাধানের আহ্বান জানান তাঁরা। কুশপুত্তলিকা দাহ করা হয়।