রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বৌদ্ধদের কয়েকটি সংগঠন l ছবি: প্রথম আলো
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বৌদ্ধদের কয়েকটি সংগঠন l ছবি: প্রথম আলো

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন–নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধ সংগঠনের নেতারা। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। ‘বাংলাদেশ বৌদ্ধ সংগঠন সমূহ’ ব্যানারে প্রতিবাদ কর্মসূচিটি পালিত হয়।

কর্মসূচিতে বৌদ্ধধর্মাবলম্বীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের সদস্যরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যুগ্ম মহাসচিব অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ যুব সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়ার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন চলছে। অবিলম্বে এই নির্যাতন বন্ধ করতে হবে। এ জন্য অং সান সু চির প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, মানবতার মহান দৃষ্টান্ত স্থাপন করে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ সরকার। রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেদিকে প্রশাসনকেও সজাগ থাকার অনুরোধ জানান তাঁরা।

বক্তারা বলেন, ‘বৌদ্ধ অহিংসার ধর্ম। রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন ও নিপীড়ন চলছে, তা মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন আদর্শ কুমার বড়ুয়া, লোকপ্রিয় বড়ুয়া, সুদীপ বড়ুয়া, মৃগাংক প্রসাদ বড়ুয়া, মৃণাল কান্তি বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, জয়শান্ত বিকাশ বড়ুয়া প্রমুখ।

এদিকে আইন ও অধিকার সংস্থার উদ্যোগে মোমিন রোডে অনুষ্ঠিত এক সভায় বক্তারা বলেন, সভ্যতার সকল নিয়ম-কানুনকে পদাঘাত করে মিয়ানমারে যেভাবে সংখ্যালঘু মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে শান্তির জন্য নোবেল পাওয়া পুরস্কারও সু চির কাছ থেকে ফিরিয়ে নিতে হবে। প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর সম্পাদক সৈয়দ উমর ফারুকের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি রোটারিয়ান উত্তম কুমার দত্তের সঞ্চালনায় এই প্রতিবাদ সভায় বক্তব্য দেন উত্তম কুমার দত্ত, শাহাজাহান, মৃণাল কান্তি দত্ত প্রমুখ।

বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে আরাকানে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গতকাল বিকেল পাঁচটায় ডিসি হিল-বৌদ্ধ মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে সু চির নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বলেন, মিয়ানমারে যে নির্যাতন চলছে তা মধ্যযুগের বর্বরতাকেও হার মানায়। জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কার্যকরী সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।