রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে গতকাল খুলনার শিববাড়ী মোড়ে মানববন্ধন করা হয় l প্রথম আলো
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে গতকাল খুলনার শিববাড়ী মোড়ে মানববন্ধন করা হয় l প্রথম আলো

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার খুলনা, বরিশাল, ঝালকাঠি, বরগুনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, মানবতাকে নাফ নদীতে ভাসিয়ে বর্বরতার যে পরিচয় মিয়ানমার সেনাবাহিনী দিচ্ছে, তা বিশ্বে কালো ইতিহাস হয়ে থাকবে। তাঁরা বিশ্ববিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে এ ঘটনায় নিষ্ক্রিয় থাকায় বিশ্বনেতাদের তীব্র সমালোচনা করেন। সমাবেশে বিশ্বের শান্তিপ্রিয় সচেতন মানুষকে রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অবস্থান থেকে জাতিসংঘের প্রতি আহ্বান জানাতে অনুরোধ করা হয়।

খুলনা নগরের শিববাড়ী মোড়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা জেলা শাখা, সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, খুলনা, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ খুলনা, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ খুলনা শাখা, বিসিএস সাধারণ শিক্ষা পরিষদ, ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর যৌথভাবে এই প্রতিবাদ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

খুলনা বিএমএর সভাপতি শেখ বাহারুল আলমের সভাপতিত্বে ও সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার আহ্বায়ক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর।

বরিশাল নগরের সদর রোডের অশ্বিনীকুমার হল চত্বরে খেলাফত মজলিশ বরিশাল মহানগর কমিটি মানববন্ধনের আয়োজন করে। খেলাফত মজলিশ বরিশাল মহানগর সভাপতি অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক এ কে এম মাহাবুব আলম, মাস্টার নুরুল আলম, আবদুল মজিদ, মশিউল আলম, শাহ আলম প্রমুখ।

বরগুনার বেতাগীতে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ বক্তব্য দেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা সাইদুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মহসিন খান, উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি বি এম আদান খালিদ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক অলি আহম্মেদ প্রমুখ।

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান, পৌর কাউন্সিলর তরুণ কর্মকার, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ খান প্রমুখ।