মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যা বন্ধ করার দাবি এবং রোহিঙ্গাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে তাদের বাস্তুচ্যুত করার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটি মানববন্ধন ও সমাবেশ করেছে।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়। পরে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি প্রেসক্লাব থেকে আন্দরকিল্লা মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি শাহ আলম। বক্তৃতা করেন সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য রাহাত উল্লাহ, মুক্তিযোদ্ধা ফজল আহমেদ।
সমাবেশে শাহ আলম বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ধরে ধরে হত্যা করে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে সরকার। সেখানে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন ও নির্যাতন যেভাবে চলছে, তা সভ্য সমাজে অকল্পনীয়। এ ব্যাপারে জাতিসংঘকে এগিয়ে আসতে হবে। মিয়ানমারের অং সান সুচি সরকারের ওপর চাপ সৃষ্টি করে রোহিঙ্গা নির্যাতন বন্ধ করতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দিতে হবে।
শাহ আলম বলেন, রোহিঙ্গাদের ওপর বর্বর ও অমানবিক নির্যাতনের ঘটনায় জঙ্গিরা সুযোগ নিতে পারে। এ ব্যাপারে বাংলাদেশ ও মিয়ানমার সরকার এবং জাতিসংঘকে কার্যকর ভূমিকা নিতে হবে।