রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবি মহিউদ্দিন চৌধুরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর গত ১০ অক্টোবর থেকে বিভিন্ন কায়দায় হামলা, হত্যা, জ্বালাও-পোড়াও, নিপীড়ন-নির্যাতন এবং দেশান্তরি হতে বাধ্য করা হচ্ছে, যা ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রচার পেয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিশ্ব বিবেক এখনো রহস্যজনকভাবে নীরব রয়েছে। জাতিসংঘও একধরনের নীরবতা পালন করছে।’
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী গতকাল মঙ্গলবার পত্রিকা কার্যালয়ে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বিবৃতিতে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ‘দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে রোহিঙ্গা নিপীড়নের যেসব তথ্য প্রচার হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়। সেখানে রোহিঙ্গাদের ওপর দমন-নিপীড়ন চলছে বছরের পর বছর ধরে।’
বিবৃতিতে মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে মানবতা পদে পদে ভূলুণ্ঠিত হচ্ছে। ছোটখাটো বিষয় নিয়েও রোহিঙ্গাদের ওপর হামলে পড়ছে সে দেশের মৌলবাদী সংগঠনগুলোর সদস্যরা। এ ছাড়া দীর্ঘ সময় ধরে সামরিক শাসনের কবলে থেকেও রোহিঙ্গাদের ওপর নিপীড়ন নির্যাতন চলেছে। বর্তমানে সেখানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতান্ত্রিক সরকারের আমলেও একই কায়দায় রোহিঙ্গাদের ওপর বর্বরতা সভ্য সমাজে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।