রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে কক্সবাজারের চকরিয়া পৌরসভা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌর শহরের সোসাইটি এলাকায় এ কর্মসূচি পালন করা হয় হয়। মানববন্ধনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। গণহত্যা ও নির্যাতন বন্ধে জাতিসংঘ, ওআইসি, আরব লিগসহ আন্তর্জাতিক সংগঠনের এগিয়ে আসা উচিত। নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার আহ্বান জানান তাঁরা।
সমাবেশে সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ফরায়েজি। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, নুরুল আমিন, দপ্তর সম্পাদক আকতার ফারুখ, বিএনপির নেতা শাহজান মনির, শহিদুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি মাহমুদুল করিম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাহাবউদ্দিন, পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।