রোহিঙ্গাদের ওপর নিষ্ঠুরতার নিন্দায় ওআইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর চলমান নিষ্ঠুরতার নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর জোট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। মিয়ানমার সরকারের প্রতি সে দেশে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় শুরু হওয়া ওআইসির বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে গতকাল রোববার ৫৭ দেশের জোট এই নিন্দা জানায়। সম্মেলনের আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানেরা রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর পদ্ধতিগত নিষ্ঠুর কার্যকলাপে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ ছাড়া মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনায় জাতিসংঘের পর্যবেক্ষকদের পুঙ্খানুপুঙ্খ তদন্তকাজ চালানোর অনুমতি দিতে এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান তাঁরা।

যেসব বিশ্বনেতা রোহিঙ্গাদের বিষয়ে মিয়ানমারের নীতির কঠোর সমালোচনা করেছেন, তাঁদের অন্যতম ওআইসির বর্তমান প্রধান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।