রোহিঙ্গাদের ওপর নৃশংসতা বন্ধে ইরানি প্রতিমন্ত্রীর আহ্বান
রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে ইরান সরকার মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্র প্রতিমন্ত্রী ইব্রাহিম রাইমপুর। রোহিঙ্গাদের ওপর নৃশংসতা বন্ধে মিয়ানমার সরকারের কাছে তিনি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আনা ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে ইরানের উপপররাষ্ট্র প্রতিমন্ত্রী ইব্রাহিম রাইমপুর এ আহ্বান জানান।
বিকেলে ইরানের একটি কার্গো উড়োজাহাজ ৪১ টনের বেশি ত্রাণ নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। ইব্রাহিম রাইমপুর বাংলাদেশের সাংসদ মঈনউদ্দিন খানের কাছে এসব ত্রাণ হস্তান্তর করেন। এ সময় ইরানি সংসদের নারী এমপি চেনা রানি, বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্বাস বায়াজি এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইরানের উপপররাষ্ট্র প্রতিমন্ত্রী ও নারী এমপি নিজের মাতৃভাষায় বক্তৃতা করেন। তা একজন দোভাষী বঙ্গানুবাদ করে শোনান।
ইব্রাহিম রাইমপুর বলেন, ‘রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় ও সহযোগিতা করায় আমরা বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ। এই পরিস্থিতিতে আমরাও বাংলাদেশ সরকারের মতো ব্যথিত। বাংলাদেশ সরকারের মতো আমরাও একই পদক্ষেপ নিয়েছি। আমরা প্রমাণ করতে চাই, যেকোনো ধরনের জুলুম হলে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ।’
ইরানের নারী এমপি চেনা রানি ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে বলেন, ‘সবার আগে মানবতা। কে মুসলিম, কে হিন্দু, খ্রিষ্টান বা বৌদ্ধ সেটা বড় কথা নয়। আমরা মানবতার পক্ষে। তাই রোহিঙ্গা উদ্বাস্তুদের সাহায্য করতে আমরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি।’
বাংলাদেশের সাংসদ মঈনউদ্দিন খান বাদল বলেন, এটা ভয়াবহ মানবিক বিপর্যয়। এই বিপর্যয়ের সময়ে বাংলাদেশ উদ্বাস্তু মানুষের পাশে দাঁড়িয়েছে। এরা সবাই রোহিঙ্গা।
মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য শুক্রবার সকালে ভারত থেকেও একটি উড়োজাহাজে ৫৪ টন ত্রাণ এসে পৌঁছায়। এ ছাড়া গতকাল বিকেল ও রাতে ইন্দোনেশিয়ার আরও দুটি ত্রাণবাহী উড়োজাহাজ চট্টগ্রামে অবতরণ করে। এই দুটিতে ত্রাণের পরিমাণ ১৭ টন। ইন্দোনেশিয়ার একটি উড়োজাহাজে ১০ টন চাল এবং অন্যটিতে কাপড়, তাঁবু, চিনি রয়েছে। আর ইরানের ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, রান্নার হাঁড়িপাতিল, ভোজ্যতেল, চিনি, চা-পাতা ও ওষুধ।
গত বৃহস্পতিবার ভারত একটি এবং ইন্দোনেশিয়া দুই উড়োজাহাজ ত্রাণ এসেছিল। ইন্দোনেশিয়া আরও এক জাহাজ চাল সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে পাঠাচ্ছে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে। ভারত পর্যায়ক্রমে সাত হাজার টন ত্রাণ পাঠাচ্ছে।