রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সরকারের নির্যাতনকে ‘আসুরিক আচরণ’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেটে মালনিছড়া চা-বাগানে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, ‘মিয়ানমার সরকারই এই রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে। দুর্গাপূজায় যে রকম অসুরের নিধন হয়েছে, সেভাবেই মিয়ানমার সরকারের অমানবিক কর্মকাণ্ড দমন হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের লাক্কাতুরা ও মালনিছড়া চা-বাগানে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এর আগে ১১ সেপ্টেম্বর নিরাপদ আশ্রয়ে দেশে রোহিঙ্গা শরণার্থী বেড়ে যাওয়াকে বাংলাদেশের জন্য ‘বার্মার ইনডাইরেক্ট অ্যাটাক’ বলে মন্তব্য করেছিলেন অর্থমন্ত্রী।
সিলেটে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী তাঁর ব্যক্তিগত মত জানিয়ে বলেছিলেন, ‘এটা বার্মার ইনডাইরেক্ট অ্যাটাক অন বাংলাদেশ। অ্যান্ড ইট মাস্ট বি রেজিস্টেট। ইট ইজ এ রগ (দুর্বৃত্ত) গভর্নমেন্ট এবং রগ গভর্নমেন্টকে কীভাবে তাদের ব্যবস্থা করতে হয়, সেটা আমাদের চিন্তা করতে হবে, আমাদের মানে সারা দুনিয়ার চিন্তা করতে হবে।’
বৃহস্পতিবার পূজামণ্ডপ পরিদর্শন শেষে দরিদ্র চা-শ্রমিক সদস্যদের মধ্যে বস্ত্র বিতরণ ও মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন অর্থমন্ত্রী তিনি। পূজা উপলক্ষে খাদিমনগর ও দেবপুর পূজামণ্ডপ পরিদর্শন করে সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বক্তব্য দেন। অনুষ্ঠানে সিলেট সদর উপজেলা পরিষদের সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, জেলার যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, নগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আরমান আহমদ ও খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান আফসর আহমদ বক্তব্য দেন।
জন্মদিনে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর নগরের হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এ মিলাদ আয়োজন করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। এতে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।