
কক্সবাজারে শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর না করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এর পরিবর্তে কক্সবাজারেই নিরাপদ কোনো জায়গায় রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই আহ্বান জানানো হয়।
৬৮ পৃষ্ঠার ‘বাংলাদেশ আমার দেশ নয়: মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের দুরবস্থা’ শীর্ষক ওই প্রতিবেদনে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর না করার আহ্বান জানিয়ে এইচআরডব্লিউ বলেছে, জোয়ারের সময় এই এলাকা নিয়মিত প্লাবিত হয় বলে যে গুঞ্জন রোহিঙ্গারা শুনেছে, তার পরিপ্রেক্ষিতে তারা সেখানে যেতে অনীহা প্রকাশ করেছে। এ ছাড়া সেখানে তাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবাও পুরোপুরি নিশ্চিত হবে না। তার ওপর ভাসানচরের ভেতরে-বাইরে রোহিঙ্গাদের অবাধ চলাচলের ব্যাপারে বাংলাদেশ সরকার কোনো প্রতিশ্রুতি দেয়নি।
গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়িতে হামলার জেরে সেখানে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী। এরপর প্রাণ বাঁচাতে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। তাদের আশ্রয় দেওয়া হয় কক্সবাজারের শিবিরে। এই শিবিরে আগে থেকেই আরও প্রায় তিন লাখ রোহিঙ্গা অবস্থান করছিল। রোহিঙ্গাদের স্বেচ্ছা, মর্যাদাপূর্ণ ও নিরাপদ প্রত্যাবাসনে গত নভেম্বরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি হয়।
এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়, কক্সবাজারের ভূমিধসের ঝুঁকিপূর্ণ শিবিরে ঘিঞ্জি পরিবেশে থাকতে হচ্ছে রোহিঙ্গাদের। তাদের কক্সবাজারেই নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া উচিত বাংলাদেশ সরকারের। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শরণার্থী শিবিরে জনপ্রতি স্থানের সংকুলান হওয়া উচিত ৪৫ বর্গমিটার। কিন্তু কক্সবাজারের শিবিরে মাথাপিছু জায়গার পরিমাণ মাত্র ১০ দশমিক ৭ বর্গমিটার।
গত মে মাসে এইচআরডব্লিউর প্রতিনিধিদলের পরিদর্শনের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদন প্রকাশের সময় মানবাধিকার সংগঠনটির শরণার্থী অধিকারবিষয়ক পরিচালক বিল ফ্রেলিক সাংবাদিকদের বলেন, ঘিঞ্জি পরিবেশে থাকার কারণে রোহিঙ্গাদের মধ্যে রোগের সংক্রমণ, সামাজিক নৈরাজ্য ও সহিংসতার আশঙ্কা রয়েছে। এ ছাড়া বর্ষা মৌসুমে ভূমিধসের ঝুঁকি তো রয়েছেই। কাজেই রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া জরুরি বলে উল্লেখ করেন বিল ফ্রেলিক। তিনি বলেন, মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ ব্যাপক প্রশংসিত হয়েছে। কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে কোথাও স্থানান্তর করলে রাতারাতি আস্থা হারানোর আশঙ্কা রয়েছে।