রোহিঙ্গাদের কথা শুনলেন জাতিসংঘের বিশেষ দূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কাছে নির্যাতনের কথা শোনেন  জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি।ছবি: প্রথম আলো
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কাছে নির্যাতনের কথা শোনেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি।ছবি: প্রথম আলো

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কাছে নির্যাতনের বর্ণনা শুনলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি। আজ শনিবার সকালে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে যান তিনি।

সকালে গাড়িবহর নিয়ে প্রথমে কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকার নেচার পার্ক সংলগ্ন এলাকায় যান ইয়াং হি লি। সেখানে আশ্রয় নিয়েছে প্রায় তিন শ রোহিঙ্গা পরিবার। এঁদের মধ্যে ১০ জন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে দেখা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই দূত। এ সময় তাঁর সঙ্গে ছিলেন টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রোহিঙ্গা শিবিরগুলোতে নিয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার পদস্থ কর্মকর্তারা।

নয়াপাড়া শরণার্থীশিবিরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকালে টেকনাফের নয়াপাড়ায় নিবন্ধিত রোহিঙ্গা শিবির ঘুরে দেখেন ইয়াং হি লি। সেখান থেকে বিকেলে তিনি হোয়াইক্যং পুঠিবনিয়া রোহিঙ্গা শিবিরে যান। এ সময় রোহিঙ্গা শিবিরের দল নেতা (মাঝি) ও কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেন তিনি। পরে বিকেল চারটার দিকে তিনি উখিয়ার দিকে রওনা হন। তবে ইয়াং হি লি স্থানীয় কোনো গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেননি।

মিয়ানমারের মংডু শহরের সুধাপাড়া থেকে আসা জোবেদা খাতুন প্রথম আলোকে বলেন, ‘আমরা কেমন আছি-তা জানতে চান তিনি। তাঁকে বলেছি, মিয়ানমারের চাইতে হাজারো গুণ ভালো আছি। কারণ ওখানকার সেনারা আমাদের ওপর হত্যা-নির্যাতন চালিয়েছে। কিন্তু এই দেশ আমাদের খাবার থেকে শুরু করে যাবতীয় সমস্যা সমাধানে চেষ্টা করে যাচ্ছে।’

মিয়ানমার থেকে আসা খলিলুর রহমান বলেন, তাঁদের ওপর চালানো নির্যাতন ও নিপীড়নের কথা শুনেছেন ইয়াং হি লি। খলিলুর বলেন, ‘আমি বলেছি মরে গেলেও আবার সেখানে গিয়ে নির্যাতনের মুখে পড়তে চাই না।’

জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি গত বুধবার রাতে ঢাকায় পৌঁছান। গতকাল শুক্রবার দুপুরে তিনি বিশেষ উড়োজাহাজে কক্সবাজার আসেন। চলতি মাসে তাঁর মিয়ানমার সফর করার কথা ছিল। কিন্তু মিয়ানমারের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ সফরে আসেন। আগামী ২৪ জানুয়ারি তাঁর থাইল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে।

২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে মিয়ানমার থেকে পালিয়ে এ দেশে আসতে শুরু করে রোহিঙ্গারা। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্টের পর প্রায় ৬ লাখ ৭২ হাজার ৯৫০ জন রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে। এঁদের টেকনাফ ও উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় শিবিরে রাখা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১০ লাখের বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশে আছে। পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে গত ২৩ নভেম্বর মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমঝোতার স্মারক সই হয়েছে। তবে এখনো টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত আছে।