রোহিঙ্গাদের কষ্টের ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর ঈদুল আজহায় তিন মণ ওজনের গরু কোরবানি দিয়েছিলেন। ছেলেমেয়েরা মংগদু শহরে গিয়ে চার চাকার রিকশায় চড়েছে। আর এবার ঈদের দিনে আশ্রয়ের সন্ধানে টেকনাফের পথে পথে ঘুরতে হচ্ছে। সকালে ছেলেমেয়েরা কলা আর বিস্কুট খেয়েছে। দুপুরে মুখে দেওয়ার মতো কিছুই নেই। মিয়ানমার সেনাবাহিনী ঈদের আনন্দ মাটি করে দিয়েছে।

গত শনিবার টেকনাফের ডেইলপাড়া গ্রামে কথাগুলো বললেন সেতারা বেগম (৪৫)। তাঁর বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের সিকদারপাড়ায়। আগের দিন শুক্রবার রাতে তিনি পরিবারের চার সদস্য নিয়ে শাহপরীর দ্বীপে ওঠেন। সেখান থেকে রিকশায় যান টেকনাফ। তারপর হেঁটে হেঁটে এই ডেইলপাড়ায়। দুরবস্থার কথা শুনে লোকজন তাঁকে কিছু অর্থসহায়তাও দেন।

সেতারা বেগম বলেন, বাংলাদেশে ঢুকতে এখন রোহিঙ্গাদের কেউ বাধা দিচ্ছে না। যানবাহনে চড়ে এদিক-সেদিক যেতেও সমস্যা হচ্ছে না। সমস্যা শুধু মাথা গোঁজার ঠাঁই ও খাওয়াদাওয়ায়।

টেকনাফের পথে পথে এখন রোহিঙ্গা আর রোহিঙ্গা। শাহপরীর দ্বীপ-টেকনাফ সড়কে লাইন ধরে হাঁটছেন রোহিঙ্গারা। কেউ যাচ্ছেন উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের দিকে। কেউ কেউ ঢুকে পড়ছেন গ্রামে। তাঁরা আশ্রয় নিচ্ছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ঝোপজঙ্গলে। অসহায় বলে স্থানীয় লোকজন রোহিঙ্গাদের প্রতিরোধ অথবা বাধা দিচ্ছেন না। টেকনাফের প্রতিটি ঈদের জামাতে বিপদাপন্ন রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। নিন্দা জানানো হয় মিয়ানমার সরকারের কর্মকাণ্ডের প্রতি।